Home Blog Page 517

কোন ব্যবসায়ী যদি অসাধু উপায় অবলম্বন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জ্বালানি সংকট যাতে দ্রুত সুরাহা হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। আধিকারিকরা রেলওয়ে ও আইওসি এলের সঙ্গে যোগাযোগ রাখছেন। দ্রুত রাজ্যের পরিস্থিতি মোকাবিলা করে সম্পূর্ণ নিয়ন্ত্রণে যাতে আনা যায় সে বিষয়ে কথাবার্তা হয়েছে। কিছুদিনের মধ্যে জ্বালানি সমস্যার সুরাহা হবে এবং পুনরায় আগের মতো পেট্রোল ও ডিজেল নিয়মিত সরবরাহ করা হবে। জ্বালানি সংকট নিয়ে প্রতিক্রিয়ায় একথা বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি সকলের কাছে আহ্বান রাখেন ধৈর্য রাখার জন্য। তিনি বলেন সরকারের তরফে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। খাদ্যমন্ত্রী জানান তিনি নিজেও সমস্ত বিষয়ের উপর নজর রেখে আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যবস্থা করছেন। পাশাপাশি মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন মানুষ যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে কোন অসুবিধার মধ্যে না পড়েন। প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। কোন ব্যবসায়ী যদি অসাধু উপায় অবলম্বন করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ভিকি হত্যাকাণ্ডে পুলিশের নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা বাবুল দত্তের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শেষ রক্ষা হল না অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যু কোলে ঢলে পড়লেন বাবুল দত্ত। এই ব্যক্তির মৃত্যুর পর ভারত রত্ন সংঘের সম্পাদক খুন কাণ্ডের ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে তবে কি পুলিশ ভিকি খুন কাণ্ডে কোন যোগসূত্র খোঁজে পেয়েছে এই পরিবারের সঙ্গে? নাকি অন্য কিছু রয়েছে? ৭ মে শহরতলী পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকার বাসিন্দা বাবুল দত্ত বিষ পান করেন।

সঙ্গে সঙ্গে উনাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। এদিনই ময়না তদন্ত শেষে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মৃত বাবুল দত্তের পরিবারের অভিযোগ পুলিশি চাপ ও ভয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন নিরীহ বাবুল দত্ত।

জানা গেছে সম্প্রতি ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনের ঘটনার পরে পুলিশ বাবুল দত্তের বাড়িতে গিয়ে উনার মোবাইল এয়ারপোর্ট থানায় নিয়ে আসেন এবং উনাকে বাড়ি ছেড়ে কোথাও না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।অভিযোগ এর পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। জানা গেছে বাবুল দত্তের ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে ভিকি খুনে ধৃত সুস্মিতা সরকারের।

অভিযোগ ৬ মে পুলিশ পরিচয় দিয়ে দুইজন মহিলা- পুরুষ ধৃত সুস্মিতার মা ও বোনকে বাবুল দত্তের বাড়িতে নিয়ে যায়। দুইজনকে বাবুল দত্তের বাড়িতে রাখার জন্য চাপ দেয়। এতে বাবুল দত্ত রাজি হয়নি এসব নিয়ে আতঙ্কিত ও ভয়ে দিন কাটাচ্ছিলেন বাবুল দত্ত বলে জানান মৃতের মেয়ে।

আগামী ১১ মে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত বসবে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১১ মে চলতি বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত বসবে। হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট ৪২ টি বেঞ্চে ১৭,৯৩৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৪,০৭৪ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,৮৬৪ টি মামলা রয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। তিনি জানান জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩২১ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,০৭৪ টি , আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১৩,২৬৯ টি মামলা, বৈবাহিক বিরোধের ১৯৭ টি , চেক বাউন্স সংক্রান্ত ৫৩ টি , চাকরি সংক্রান্ত বিষয় ৮টি, সহ বিভিন্ন মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে ৪৬ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে।

আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিস্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে অনুরোধ করেছেন।

 

 

অক্ষয় তৃতীয়ার আগের দিনেই ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন জুয়েলারিতে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্বনামধন্য জুয়েলারি গয়না কেনাকাটায় বিহিন্ন অফার দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জুয়েলারিতে দেখা গেল গ্রাহকদের ভিড়। কথিত আছে অক্ষয় মানে যার ক্ষয় নেই। এই অক্ষয় তৃতীয়া নিয়ে বিভিন্ন কাহিনী রয়েছে। বৈদিক বিশ্বাসানুসারে, এই পবিত্র তিথিতে কোন শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে।

কেদার-বদ্রী-গঙ্গোত্রী-যমুনোত্রীর যে মন্দির ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদ্‌ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল আধুনিককালে এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয়। মনে করা হয়, এই শুভ তিথিতে রত্ন বা জিনিসপত্র কিনলে গৃহে শুভ যোগ হবে। সুখ-শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে, এই আশাতেই এদিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন।

প্রতিবছর অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠিত জুয়েলারি বিভিন্ন অফার দিয়ে থাকেন। তাও চলে দুই-তিনদিন। তাই তো অক্ষয় তৃতীয়ার আগের দিনেই ভিড় লক্ষ্য করা যায় বিভিন্ন জুয়েলারিতে। এদিনে শ্যাম সুন্দর কোং, কালিকা, পি সি চন্দ্র, স্বর্ণ কমল সহ বিভিন্ন জুয়েলারিতে ক্রেতারা ভিড় করেন। থাকছে কেনা কাটায় নিশ্চিত উপহার, লাকি ড্র সহ কত কি। শুক্রবার ক্রেতাদের ভিড় জমাবেন বলে আশা জুয়েলারির মালিকদের।

ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা ফিরে পেলেন তাদের অধিকার

0

জনতার কলকাতা ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ আইনী লড়াই করে অবসরকালীন গ্র্যাচুইটির অধিকার পেলেন রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকারা। বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ তাঁর রায়ে জানিয়ে দিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী।আগামী এক মাসের মধ্যে সুদ সহ এই রায় কার্য করার নির্দেশ দেন তিনি।

অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকাদের হয়ে মামলা পরিচালনা করেছেন আইনজীবী বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান যে ২০২১ সালে সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্বেও ত্রিপুরা সরকার সেটা মানতে চায়নি ও উদ্দেশ্যপ্রনোদিতভাবে বঞ্চিত করেছে কর্মীদের । তিনি বলেন ২০২৩ সাল থেকে এই মামলা চলেছে।

আজ অঙ্গনওয়াড়ি কর্মীরা অধিকার ফিরে পেলেন।পুরুষোত্তম রায় বর্মন বলেন এই রায়ের ফলে শুধুমাত্র মামলাকারীরা নন সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী- সহায়িকারা এই রায়ের সুবিধা পাবেন। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের সাথে এই মামলায় সহকারী হিসেবে সহায়তা করেছেন আইনজীবী কৌশিক নাথ, সমরজিৎ ভট্টাচার্য, আরাধিতা দেববর্মা।

 

 

দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল, কালোবাজারি চলছে দিব্যি ২৫০ তো কোথাও ৩০০ টাকায় 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেট্রোল সংকট চলছেই রাজ্যে। দিনভর দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল। নিরাশ হয়ে ফিরছেন বাড়ি। ফের পরের দিন সকাল থেকে পেট্রোলের জন্য লাইন ধরছেন। ক্ষুব্ধ আমজনতার প্রশ্ন এভাবে কি করে চলবে? তাদের কি রুটি-রুজি নেই? রাস্তার সমস্যার কারণে রাজ্যে বেশ কয়েকদিন ধরে চলছে জ্বালানি সংকট। বিশেষ করে পেট্রোলের। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সব পাম্পে পেট্রোল আসছে না। যেসব পাম্পে পেট্রোল আসছে সেখানে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ছেন লোকজন। নিজেদের কাজ ফেলে পেট্রোলের জন্য দিনভর লাইন দিচ্ছেন।

বিশেষ করে মোটর বাইক চালকরা। তাদের অভিযোগ রুটি- রুজি ফেলে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল। ফলে নিরাশ হয়ে দিনের শেষে ঘরে ফিরতে হচ্ছে। এভাবে কতদিন চলবে? প্রশ্ন ভুক্তভোগীদের। আদৌ কবে স্বাভাবিক হবে পরিস্থিতি তা কেউই বলতে পারছে না। কারণ রেলপথ সারাই হলেও এখনও পণ্যবাহী ট্রেন আসা শুরু হয়নি। যতদিন পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে পরিস্থিতি ততদিন মানুষের ভোগান্তির অন্তঃ নেই।এদিকে ভুক্তভোগীদের অভিযোগ পেট্রোলে জ্বালানি না মিললেও কালোবাজারি চলছে দিব্যি পেট্রোলের। কোথাও ২৫০ তো কোথাও ৩০০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল। তাও নাকি আবার ভেজাল।

অভিযোগ কেরোসিন মিশ্রিত পেট্রোল বিক্রি করা হচ্ছে অবৈধভাবে খোলা বাজারে। এসবের বিরুদ্ধে প্রশাসনের তরফে নেই কোন কঠোর পদক্ষেপ। ফলে একদিকে যখন মানুষের পেট্রোল পাম্পে মিলছে না, আবার যাও মিলছে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে, তখন অবৈধ ভাবে কেরোসিন মিশ্রিত পেট্রোল কিনতে হচ্ছে লোকজনকে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রেলমন্ত্রীকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন সমস্যা নিরসনে রেলের ওয়াগন পাঠানোর ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে। এখন দেখার কবে নাগাদ স্বাভাবিক হয় পরিস্থিতি? কবে মিলে স্বস্তি?

 

 

বাজারে একাংশ ব্যবসায়ীদের কালোবাজারি রুখতে বৈঠক সদর মহকুমা শাসকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে আলু-পেঁয়াজের মজুত থাকা সত্ত্বেও রাস্তায় ধসের অজুহাত দেখিয়ে একাংশ ব্যবসায়ী কালোবাজারি করছেন বলে অভিযোগ। অধিক দাম রাখা হচ্ছে আলু-পেঁয়াজ সহ বিভিন্ন জিনিসের। স্বাভাবিকভাবেই জিনিসের মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়ছেন ক্রেতা সাধারণ। ইতিমধ্যে এধরনের অভিযোগ মহকুমা প্রশাসনের গোছরেও এসেছে। তাই বাজারে যাতে মূল্য নিয়ন্ত্রণে থাকে সেজন্য অবশেষে নড়েচড়ে বসলো সদর মহকুমা প্রশাসন।

বৃহস্পতিবার সদর মহকুমা শাসক নিজ অফিসে রাজধানীর বিভিন্ন পাইকারি ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মহকুমা শাসক মানিক লাল দাস জানান, বাজারে অভিযান চলছে। তার পরেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয় কি পরিমাণ মজুত রয়েছে কত দাম রাখা হচ্ছে সেসব বিষয়ে জানার জন্য। তিনি স্পষ্টভাবে জানান সাধারণ মানুষের সমস্যা করে কেউ যদি বেশি দাম রাখেন তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সোনারপুরে ধসের ফলে রাস্তাঘাট বন্ধ থাকায় কিছু অসাধু ব্যবসায়ী বাজারে পেঁয়াজ এবং আলু বেশি দামে বিক্রি করছে। যদিও রাস্তার সমস্যা অনেকটাই লাঘব হয়ে গেছে।

পেট্রোল ডিজেল রাজ্যজুড়ে চলা জ্বালানি সংকট নিরসনে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে চলছে জ্বালানি সংকট। বিশেষ করে পেট্রোলের। সংকট নিরসনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন রেলের ওয়াগনের মাধ্যমে পেট্রোল পাঠানোর উদ্যোগ নেওয়ার। সকাল থেকে রাজধানীর যেসব পাম্পে পেট্রোল আছে সেসব পাম্পে যান চালকদের বিশেষ করে মোটর বাইকের ভিড়। কয়েকদিন ধরে বেহাল রাস্তার কারণে রাজ্যে পেট্রোলের সমস্যা। সংকট নিরসনে রেশনিং ব্যবস্থা করে খাদ্য দপ্তর। তখন বলা হয়েছিল দুই-তিন দিনের মধ্যে সমস্যা সুরাহা হয়ে যাবে।

কিন্তু সেই সমস্যা লাঘব হয়নি।অনেক পাম্পে থাকছে না পেট্রোল। আবার যেসব পাম্পে পেট্রোল রয়েছে সেখানে সকাল থেকে দীর্ঘ লাইন চোখে পড়ছে। প্রায় এক-দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন নজরে পড়ছে। বিশেষ করে বাইক চালকরা লম্বা লাইনে দাঁড়াচ্ছেন জ্বালানির জন্য। পেট্রোলের সংকট রাজ্যে চললেও খোলাবাজারে দেদার বেশি দামে পেট্রোল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ। আরও অভিযোগ খোলা বাজারে অবৈধ ভাবে ২০০ টাকা লিটার পেট্রোল বিক্রি হচ্ছে।

অভিযোগ পেট্রোল সংকট নিরসনে যেমন প্রশাসন কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না তেমনি কালোবাজারি রুখতে কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এতে আমজনতার চরম ভোগান্তি। কাজকর্ম ফেলে পেট্রোলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের।বুধবারও এই ছবি ধরা পড়লো রাজধানীর গণরাজ চৌমুহনী পেট্রোল পাম্পের সামনে।

তাই দাবি উঠেছে দ্রুত সমস্যা নিরসনে প্রশাসন যাতে কার্যকরী ভূমিকা নেন। এদিকে জানা গেছে রাজ্যজুড়ে চলা জ্বালানি সংকট নিরসনে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সমস্যা সমাধানে দ্রুত রেলের ওয়াগনের মাধ্যমে পেট্রোল পাঠানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে বৃক্ষরোপণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তীতে র‍্যালী ও অনুষ্ঠান ছাড়াও বৃক্ষরোপণ করল রাজধানীর তিনটি বিদ্যালয়। বুধবার সকালে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে এক র‍্যালী বের করে। এরপর বিদ্যালয়ের কিচেন গার্ডেনে বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায়।

বানীবিদ্যাপীঠ দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা বিদ্যালয়ের কিচেন গার্ডেনে বৃক্ষরোপন করেন। মহারানী তুলসীবতী দ্বাদশ শ্রেনি বালিকা বিদ্যালয়ের হলঘরে নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়।

এরপর বিদ্যালয়ের কিচেন গার্ডেনে ফুল, ও ফলের চাড়া রোপন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষ্য নন্দন সরকার, সহকারী অধ্যক্ষা প্রীতি দেববর্মা, শিক্ষক সংসদ এর সম্পাদিকা সহেলী দত্ত রায় বোস ছাড়াও স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বিশিষ্ট শিক্ষক মনোজ রায় উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের অধ্যক্ষ্য নন্দন সরকার সাক্ষাৎকারে জানান বিশ্ব ধরিত্রি দিবসের দিন বিদ্যালয় বন্ধ থাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তারা দিনটি পালন করেন।

গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৫ বছরের শিশু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজ বাড়ির সামনে গাড়ির ধাক্কায় গুরুতর আহত ৫ বছরের শিশু। আহত শিশু বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে বুধবার সকালে আমতলী মধ্যপাড়া এলাকায়। জানা গেছে শিশুটির বাবা কাজের জন্য বাড়ি থেকে বের হয়।

তখনই শিশুটি দৌড়ে দেয়। অভিযোগ এমন সময় দ্রুত বেগে আসা একটি গাড়ি আয়ুসি সরকার নামে শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে সঙ্গে সঙ্গে হাঁপানিয়া টিএমসিতে নিয়ে আসা হয়।কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে জিবিতে রেফার করা হয়।