জনতার কলম ওয়েবডেস্ক :- তিন দিনের জার্মানি সফরে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার বিকেলে বার্লিনে পৌঁছেছেন। আগমনের পর তাঁকে জার্মান সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, মিউনিখ থেকে বার্লিন যাওয়ার পথে তাঁকে জার্মান বিমানবাহিনীর বিশেষ বিমানে আনা হয় এবং যাত্রাপথে ফাইটার জেট দিয়ে এসকর্ট করা হয়।
এর আগে দিনের শুরুতে তিনি জার্মানির মিউনিখে পৌঁছান। সফরকালে তিনি তাঁর জার্মান সমকক্ষ প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।
সূত্রের খবর, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে ‘ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেশন রোডম্যাপ’ এবং জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে প্রশিক্ষণ সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। পাশাপাশি ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় যৌথ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে জার্মান প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন রাজনাথ সিং।
ভারত ও জার্মানির মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার প্রতি অঙ্গীকারের ভিত্তিতে একটি শক্তিশালী ও বহুমুখী কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলিতে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা এই সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে।










