জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস সিলিন্ডার মজুতের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন ধরে সিলিন্ডার চুরি ও কালোবাজারির অভিযোগ জমা পড়ছিল প্রশাসনের কাছে। অবশেষে সেই অভিযোগের ভিত্তিতেই শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ তল্লাশি অভিযান চালানো হয়, যার জেরে ব্যাপক পরিমাণ গ্যাস সিলিন্ডার উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব বাজার, রাধাপুর এবং রাগনা এলাকায় একযোগে অভিযান চালানো হয়। তল্লাশির সময় পূর্ব বাজারে ত্রিপুরেশ্বরী গ্যাস সংস্থার নিকটে একটি দোকান থেকে ১৮টি, রাধাপুরের মধুবারি লিংক রোডের একটি বাড়ি থেকে ২৭টি এবং রাগনার এক বাড়ি থেকে আরও ১৫টি সিলিন্ডার উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৬০টি সিলিন্ডার উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, উদ্ধার হওয়া সিলিন্ডারের মধ্যে বেশ কিছুতে গ্যাস ভরা ছিল, বাকিগুলি খালি। তবে এত পরিমাণ সিলিন্ডার মজুত রাখার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। ফলে সব সিলিন্ডারই বাজেয়াপ্ত করা হয়েছে এবং পরবর্তী তদন্তের জন্য সংশ্লিষ্ট দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এই ঘটনার সঙ্গে একটি সংগঠিত চক্র জড়িত থাকতে পারে, যারা বেআইনিভাবে সিলিন্ডার সংগ্রহ ও মজুত করে কালোবাজারিতে বিক্রি করছিল। সিলিন্ডারগুলির উৎস এবং তার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, শহরের মধ্যেই এমন বেআইনি কার্যকলাপ কীভাবে দীর্ঘদিন ধরে চলছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
