জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৪ মে ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন। একই দিনে পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের প্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে গণনাকেন্দ্রের আশেপাশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা নির্বাচন আধিকারিক ও জেলা শাসক চাঁদনি চন্দ্রন (আইএএস) জারি করা নির্দেশ অনুযায়ী, ৪ মে সকাল ৬টা থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৫৬-ধর্মনগর কেন্দ্রের গণনাকেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে জনসমাবেশ, অনুমতি ছাড়া যান চলাচল, অস্ত্র বহন এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সব ধরনের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নির্বিঘ্নে ভোট গণনা সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে নির্বাচন কর্মী, নিরাপত্তা বাহিনী, ম্যাজিস্ট্রেট, জরুরি পরিষেবা এবং অনুমোদিত ব্যক্তিদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং ও স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে এই নির্দেশ ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র দফতর, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে নির্দেশের কপি পাঠানো হয়েছে।
প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশ অমান্য করলে BNSS-এর ২২৩ ধারায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ধর্মনগরের ফলাফলকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে থাকার সম্ভাবনায় এই নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
