জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পানীয় জল ও বিদ্যুৎ সমস্যার প্রতিবাদে সোমবার তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ২৯ কৃষ্ণপুর বিধানসভা এলাকার চাকমাঘাট পূর্ব বাজারে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় ন্যূনতম নাগরিক পরিষেবার অভাবে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে পানীয় জলের তীব্র সংকট দীর্ঘদিন ধরে চললেও নিয়মিত জল সরবরাহের কোনও ব্যবস্থা নেই। ফলে বহু পরিবারকে দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করতে হচ্ছে।
এছাড়াও এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা এবং রাতের পর রাত অন্ধকারে থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের দাবি, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধানের জন্য কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, নির্বাচনের সময় একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখা যায়নি। বাধ্য হয়েই তাঁরা জাতীয় সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
অবরোধের জেরে জাতীয় সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। যাত্রীবাহী গাড়ির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বোঝাই ট্রাকও ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা।
বিক্ষোভ চলাকালীন একাংশ আন্দোলনকারী স্থানীয় বিধায়ক তথা রাজ্যের এক মন্ত্রীর বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষের মৌলিক সমস্যার প্রতি প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিরা উদাসীন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে প্রায় দু’ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।