জনতার কলম, আগরতলা,৯জুলাই :-সিপাহিজলা জেলার মেলাঘর পুরপরিষদের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে গোমতী নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার। টানা বর্ষণে গোমতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী সংলগ্ন এলাকায় ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে বহু পরিবার রাত জেগে পরিস্থিতির দিকে নজর রাখছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষাতেই গোমতী নদীর ভাঙনে বিস্তীর্ণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতিমধ্যে বহু বাড়িঘর নদীতে তলিয়ে গেছে, আবার অনেক বাড়ি নদীগর্ভে চলে যাওয়ার মুখে। প্রাণ ও সম্পদ রক্ষায় বেশ কয়েকটি পরিবার ইতোমধ্যেই নিজেদের বাড়িঘর খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
বাসিন্দাদের দাবি, গত প্রায় দুই দশক ধরে তারা নদীর এই ঝুঁকিপূর্ণ অংশে পাথর ফেলে স্থায়ী বাঁধ (বোল্ডার এমব্যাঙ্কমেন্ট) নির্মাণের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ আন্দোলন ও দাবির পর প্রায় ছয় মাস আগে ভাঙনরোধ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শুরু হলেও টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে আজও কাজ শুরু হয়নি।
স্থানীয়দের অভিযোগ, টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে ভাঙনরোধের কাজ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে। এদিকে বর্ষার সময় নদীর ভাঙন অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা অবিলম্বে টেন্ডার সংক্রান্ত জটিলতা দূর করে ভাঙনরোধের কাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দ্রুত ব্যবস্থা না নিলে চলতি বর্ষায় আরও বহু পরিবার গৃহহীন হয়ে পড়বেন এবং বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে তলিয়ে যাবে।
তবে এই অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।