Home রাজ্যশিক্ষক নেই, পড়াশোনা বন্ধের মুখে! শিক্ষা আধিকারিককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

শিক্ষক নেই, পড়াশোনা বন্ধের মুখে! শিক্ষা আধিকারিককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ৯জুলাই :-বৃহস্পতিবার নিয়মিত পরিদর্শনকে কেন্দ্র করে সাউথ চরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা শিক্ষা দফতরের আধিকারিকদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ জানান।

জানা গেছে, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চললেও বিদ্যালয়ে অনুমোদিত শিক্ষক রয়েছেন মাত্র চারজন, যার মধ্যে প্রধান শিক্ষকও অন্তর্ভুক্ত। বর্তমানে একজন শিক্ষক অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন এবং আরও দু’জন শিক্ষক জনগণনার (সেন্সাস) কাজে নিয়োজিত থাকায় পুরো বিদ্যালয়ের দায়িত্ব একাই সামলাচ্ছেন ভারপ্রাপ্ত শিক্ষিকা ভাগ্যশ্রী দেববর্মা। ফলে নিয়মিত পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।

এদিন বিদ্যালয় পরিদর্শনে আসেন ডেপুটি ইন্সপেক্টর অব স্কুলস তনিমা রায়। অভিযোগ, পরিদর্শনের সময় তিনি উপস্থিত কয়েকজন ছাত্র-ছাত্রীর মাকে বলেন, যদি শিক্ষক সংকট অব্যাহত থাকে, তাহলে আপাতত সন্তানদের স্কুলে না পাঠানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। এই মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

অভিভাবকদের প্রশ্ন, শিক্ষক নিয়োগ ও বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। সেই ব্যর্থতার বোঝা কেন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের উপর চাপানো হবে? একাধিক অভিভাবক বলেন, “কোন কর্তৃপক্ষের নির্দেশে একজন শিক্ষা আধিকারিক এমন মন্তব্য করতে পারেন? সন্তানদের স্কুলে না পাঠানোর পরামর্শ দেওয়ার অধিকার তাঁকে কে দিয়েছে?”

তাদের অভিযোগ, সরকার ইংলিশ মিডিয়াম স্কুলে মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে শিক্ষক সংকটের কারণে শিক্ষার পরিবেশ ভেঙে পড়েছে। নিয়মিত শিক্ষক না থাকায় পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর এর মধ্যেই দায়িত্বশীল পদে থাকা আধিকারিকের এমন মন্তব্য অভিভাবকদের আরও হতাশ ও ক্ষুব্ধ করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে ক্রমবর্ধমান শিক্ষক সংকটের বিষয়টি ফের সামনে উঠে এসেছে। অভিভাবকদের দাবি, অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে স্বাভাবিক পাঠদান নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে না পড়ে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy