জনতার কলম,আগরতলা, ৭ জুলাই:-ত্রিপুরায় স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ হিসেবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন রাজ্যের সমবায় ও সংখ্যালঘু কল্যাণমন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।
বৈঠকে মন্ত্রী জানান, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচি (PMJVK)-এর আওতায় এই মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বৈঠকে মেডিক্যাল কলেজের প্রকল্প পরিকল্পনা, জমি বরাদ্দ, প্রয়োজনীয় অবকাঠামো এবং দ্রুত বাস্তবায়নের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন মন্ত্রী।
পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের সচিব, গণপূর্ত (ভবন) দপ্তরের মুখ্য বাস্তুকার (চিফ ইঞ্জিনিয়ার), প্রাথমিক শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা এবং সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উপ-অধিকর্তাসহ অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। তাঁরা প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন, রাজ্য সরকার ত্রিপুরাকে একটি আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। উন্নত চিকিৎসা পরিষেবা যাতে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জোলাইবাড়ির এই নতুন মেডিক্যাল কলেজ শুধু চিকিৎসা পরিষেবা নয়, চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি রাজ্য সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হয়ে উঠবে।