Home রাজ্যএএসআইকে বনেটে তুলে পালানোর ঘটনায় কড়া পদক্ষেপ, গাড়ি জব্দ; চালক এখনও অধরা

এএসআইকে বনেটে তুলে পালানোর ঘটনায় কড়া পদক্ষেপ, গাড়ি জব্দ; চালক এখনও অধরা

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ৯জুলাই :-রাজধানী আগরতলার বটতলায় ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) বিপ্লব দত্তকে গাড়ির বনেটে তুলে নিয়ে বেপরোয়া গতিতে পালানোর ঘটনায় তদন্তে বড় অগ্রগতি হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ঘটনায় ব্যবহৃত একটি মারুতি সুজুকি বালেনো (নম্বর: TR03M0775) গাড়ি আটক করেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত চালক এখনও পলাতক।

বুধবারের এই চাঞ্চল্যকর ঘটনায় ট্রাফিক এএসআই বিপ্লব দত্ত বটতলা এলাকা থেকে হাওড়া নদীর স্টিল ব্রিজ পর্যন্ত গাড়ির বনেটে ঝুলন্ত অবস্থায় প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। ঘটনাটি রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

বৃহস্পতিবার সকালে পশ্চিম আগরতলা থানায় গিয়ে মামলার অগ্রগতি খতিয়ে দেখেন আইন-শৃঙ্খলা বিভাগের আইজি মঞ্চক ইপার। তিনি তদন্তকারী আধিকারিকদের দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন। পাশাপাশি, পরিবহন দপ্তরের মাধ্যমে গাড়ির মালিকের পরিচয় সংগ্রহ করে সেই সূত্র ধরে চালককে শনাক্ত করার নির্দেশও দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি মঞ্চক ইপার বলেন, “এটি অত্যন্ত জঘন্য অপরাধ। ঘটনাটিকে হত্যার চেষ্টার মামলা হিসেবেও বিবেচনা করা যেতে পারে। অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, এএসআই বিপ্লব দত্তের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত এগিয়ে চলছে।

পুলিশের দাবি, গাড়ি আটক হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও অধরা থাকায় তাকে গ্রেপ্তারে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy