জনতার কলম, আগরতলা, ৯জুলাই :- মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী। পশ্চিম ত্রিপুরা জেলার সিধাই থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় যৌথ অভিযানে প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এবং ত্রিপুরা পুলিশের যৌথ দল সুরেন্দ্রনগরের একটি বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় বাড়ির ভেতরে রাখা ১২টি ড্রামের মধ্যে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত অবস্থায় উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজাগুলি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিধাই থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মোহনপুর মহকুমার পুলিশ আধিকারিক (এসডিপিও) আশিস দাসগুপ্ত জানান, অভিযানে মোট প্রায় ৫৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যে মাদকের অবৈধ কারবার রুখতে কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।