জনতার কলম, আগরতলা, ৯জুলাই :- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সূর্য্যমনিনগর বিধানসভা কেন্দ্রের কাঠালতলী এলাকায় বৃহস্পতিবার এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত জননেতার জীবন ও আদর্শকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ত্রিপুরা বিধানসভার উপ-অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে গত ২৩ জুন থেকে শুরু হওয়া এই ধারাবাহিক কর্মসূচি আগামী ১০ জুলাই পর্যন্ত বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলবে।
বৃহস্পতিবারের প্রভাতফেরিতে প্রায় ৪০০ থেকে ৫০০ জন মানুষ অংশগ্রহণ করেন বলে আয়োজকদের দাবি। কাঠালতলী এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে একটি কমিউনিটি হলে গিয়ে শেষ হয়।
প্রভাতফেরি শেষে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রামপ্রসাদ পাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ, দেশসেবা এবং রাজনৈতিক অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কর্মের উপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে ৫০০ টাকা করে নগদ পুরস্কার প্রদান করা হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে উল্লেখ করেন। তিনি ‘এক দেশ, এক পতাকা’ ধারণার প্রসঙ্গ তুলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সেই লক্ষ্যপূরণের দিকেই এগিয়ে চলেছে।
আয়োজকদের দাবি, আগামী ১০ জুলাই পর্যন্ত সূর্য্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় একই ধরনের প্রভাতফেরি ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।