জনতার কলম ওয়েবডেস্ক :- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিবাদী নীতিতে বড়সড় পরিবর্তন এনে জাপান সরকার প্রাণঘাতী অস্ত্র রপ্তানির উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগের মাঝেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্ত্রিসভা নতুন নির্দেশিকা অনুমোদন করায় যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ড্রোনসহ বিভিন্ন আধুনিক অস্ত্র রপ্তানির পথ খুলে গেল। এতদিন পর্যন্ত জাপান অস্ত্র রপ্তানিতে কড়া বিধিনিষেধ মেনে চলত।
জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা জানিয়েছেন, দেশের চারপাশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় এই নতুন নীতি জাপানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে।
এর আগে জাপান সীমিত কিছু ক্ষেত্রে—যেমন উদ্ধারকাজ, পরিবহন, সতর্কীকরণ, নজরদারি ও মাইন অপসারণ—সংক্রান্ত সরঞ্জাম রপ্তানির অনুমতি দিত। কিন্তু নতুন নির্দেশিকায় সেই সীমাবদ্ধতা তুলে দিয়ে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ডেস্ট্রয়ার রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এতদিন জাপান ইউক্রেনকে বুলেটপ্রুফ জ্যাকেট, গ্যাস মাস্ক ও বেসামরিক ব্যবহারের যানবাহন এবং ফিলিপাইনকে নজরদারি রাডার সরবরাহ করেছিল। নতুন সিদ্ধান্তের ফলে দেশটির প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণের পাশাপাশি বৈশ্বিক অস্ত্রবাজারে জাপানের উপস্থিতি আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।










