জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ায় ফের বেপরোয়া গাড়ি চালনার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে এল। সোমবার করইলং এলাকায় তেলিয়ামুড়া বাজারমুখী একটি যাত্রীবাহী সব্জি টমটমের সঙ্গে খোয়াই দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের তীব্রতায় টমটমটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছেন সুজিত দেবনাথ, নয়ন দাস, পবন দেবনাথ ও রমজান মিয়া।
আহতদের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও দাবি উঠেছে। উল্লেখ্য, ওই অ্যাম্বুলেন্সে চিকিৎসক অনির্বাণ ভৌমিকও উপস্থিত ছিলেন।
ঘটনাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে চালক বিমল দাসকে নিয়ে। অতীতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও সম্প্রতি তাকে পুনরায় তেলিয়ামুড়ায় দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে।
এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সর্বত্র।
