জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিটিএএডিসি’র সাধারণ নির্বাচনে বড় সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। ১৭-পেকুয়ারজলা-জন্মেজয়নগর (এসটি) জেলা পরিষদ কেন্দ্রের অন্তর্গত ৩৯-হীরাপুর এস.বি. স্কুল ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করে পুনঃভোটের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন কিছু অনিয়মের ঘটনা সামনে আসে। বিষয়টি কমিশনার গভীর গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন। নির্ভরযোগ্য ভিডিও প্রমাণ এবং নিযুক্ত পর্যবেক্ষকের রিপোর্টের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে, কিছু ব্যক্তি ইভিএমে কারসাজির মাধ্যমে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এই ধরনের কর্মকাণ্ডকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করে কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, অখণ্ডতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
এরই প্রেক্ষিতে কমিশনের ক্ষমতা প্রয়োগ করে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোটগ্রহণ সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুনঃভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, পুনঃভোট যাতে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এদিকে, নির্বাচনের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখতে রাজনৈতিক দল, প্রার্থী এবং ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেছে রাজ্য নির্বাচন কমিশন।
