জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো অর্গানিক পদ্ধতিতে সফলভাবে গম চাষ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। আজ এ কথা জানালেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি (টিএসওএফডিএ)-র সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
রাজ্যের বিভিন্ন এফপিসি (Farmer Producer Company) এবং অগ্রণী কৃষকদের সক্রিয় অংশগ্রহণে এই প্রকল্প সফলতা পেয়েছে। জিরানিয়া, লেফুংগা, হেজামারা, মান্দাই, বেলবাড়ি, জম্পুইজলা, তুলাশিখর, তেলিয়ামুড়া, অম্পি ও কল্যাণপুরের একাধিক ক্লাস্টারে এই অর্গানিক গমের চাষ করা হয়েছে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, এই উদ্যোগ অর্গানিক কৃষিক্ষেত্রে ফসলের বৈচিত্র্যকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ত্রিপুরায় অর্গানিক ফসল উৎপাদনের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
উৎপাদনের দিক থেকেও এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত পদ্ধতিতে ২০১৮-১৯ থেকে ২০২৪-২৫ সময়কালে গমের গড় উৎপাদন ছিল প্রতি হেক্টরে প্রায় ২.১১৯ মেট্রিক টন। কিন্তু চলতি বছরে অর্গানিক পদ্ধতিতে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩.০৩ মেট্রিক টন প্রতি হেক্টরে, যা প্রচলিত চাষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এবং জাতীয় গড়ের কাছাকাছি।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু কৃষক। তাঁদের মতে, এটি পুষ্টিসুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ফসলের বৈচিত্র্য বাড়াবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
রতন লাল নাথ আরও জানান, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং এফপিসি-র মাধ্যমে সমবায়ভিত্তিক অংশীদারিত্ব রাজ্যে গুরুত্বপূর্ণ খাদ্যশস্যের উৎপাদনে বৈচিত্র্য আনতে সহায়তা করবে। এর ফলে আত্মনির্ভরতা, টেকসই উন্নয়ন এবং বাজারমুখী কৃষি ব্যবস্থার বিকাশ আরও জোরদার হবে।
তিনি বলেন, ত্রিপুরার অর্গানিক কৃষি ব্যবস্থার ক্রমবর্ধমান পরিপক্বতারই প্রতিফলন এই সাফল্য। ভবিষ্যতে অর্গানিক গম চাষের এলাকা সম্প্রসারণ, উন্নত বীজ উৎপাদন এবং অর্গানিক আটা ও স্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরির মতো মূল্য সংযোজন শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল।
মন্ত্রী আরও উল্লেখ করেন, এই উদ্যোগ পুষ্টিসুরক্ষা, টেকসই কৃষি এবং জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির পাশাপাশি অর্গানিক কৃষকদের জন্য নতুন বাজারের সুযোগ তৈরি করবে। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের উদীয়মান অর্গানিক কৃষি কেন্দ্র হিসেবে ত্রিপুরার অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টিএসওএফডিএ-র মিশন ডিরেক্টর রাজীব দেববর্মা।
