জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার পর অবশেষে রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ ঈশান চন্দ্রনগর স্কুল সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হল রাকেশ শীলের মৃতদেহ। এই উদ্ধার অভিযান চালায় এনডিআরএফ, গোকুলনগর সিটিআই-এর দ্বিতীয় ব্যাটালিয়ন এবং টিএসআর-এর আন্ডারওয়াটার ডিপ ডাইভিং টিম।
দেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় আমতলি থানার পুলিশ এবং দমকল বাহিনী। পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করার পরই কান্নায় ভেঙে পড়েন, আর গোটা এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার ঈশান চন্দ্রনগর স্কুলের কাছে নদীতে ডুবে যান রাকেশ শীল। এরপর থেকেই উদ্ধারকারী দলগুলি নিরবচ্ছিন্নভাবে তল্লাশি চালাচ্ছিল। অবশেষে রবিবার সকালে তার দেহ উদ্ধার করা সম্ভব হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেহটি ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ।
