জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বীরভূম জেলার বোলপুরে এক জনসভায় তিনি অভিযোগ করেন, রাজ্যের বড় বড় দুর্নীতির ঘটনায় তৃণমূল নেতাদের যোগসূত্র রয়েছে।
অমিত শাহ বলেন, “ক্যাশ-ফর-কোয়েরি থেকে ক্যাশ-ফর-জব, গরু পাচার থেকে কয়লা পাচার, পিডিএস দুর্নীতি থেকে বেআইনি জমি দখল—সব ক্ষেত্রেই তৃণমূল নেতাদের নাম উঠে এসেছে।” তাঁর দাবি, রাজ্যে দুর্নীতি এখন একটি সংগঠিত ব্যবস্থায় পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করেন, তৃণমূলের শাসনে রাজ্যের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তনের জন্য প্রস্তুত। তাঁর কথায়, জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে।
বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করা হবে বলেও জানান অমিত শাহ। তিনি বলেন, “একাধিক বিয়ের মতো প্রথার অবসান ঘটানো হবে।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। তাঁর অভিযোগ, মহিলাদের রাতে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়।
অমিত শাহ আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলারা রাত ১টাতেও নিরাপদে বাইরে বেরোতে পারবেন। আরজি কর, কাসবা ল’ কলেজ ও দুর্গাপুর মেডিক্যাল কলেজের মতো ঘটনা আর ঘটবে না বলেও দাবি করেন তিনি।
ভোটের দিনে অশান্তি বা বাধা সৃষ্টি হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাঁর কথায়, “২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিনে কেউ বাধা দিলে ৫ মে-র পর তাদের খুঁজে খুঁজে জেলে পাঠানো হবে।”
