জনতার কলম, আগরতলা/নয়াদিল্লি, ১৩জুলাই :- ত্রিপুরার বস্ত্র, হস্ততাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অগ্রগতির লক্ষ্যে নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা। বৈঠকে রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার সম্ভাবনাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরার সমৃদ্ধ হস্ততাঁত, বাঁশ ও বেতভিত্তিক হস্তশিল্প, রেশম শিল্প এবং জনজাতীয় ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও তুলে ধরার উদ্দেশ্যে একগুচ্ছ কৌশলগত প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রস্তাবগুলির মধ্যে ছিল সমন্বিত টেক্সটাইল পার্ক, সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন (NID), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি (IIHT), সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুল (CSRS) স্থাপন, বাঁশ, আনারস ও কলার ফাইবারভিত্তিক শিল্পের প্রসার, ক্রাফট ভিলেজ, হস্তশিল্প জাদুঘর গঠন, রপ্তানি অবকাঠামো শক্তিশালীকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মতো বিভিন্ন উদ্যোগ।
এছাড়াও, ‘Viksit Bharat @2047’, ‘Vocal for Local’, ‘Make in India’ এবং ‘Textiles for Global Markets’-এর লক্ষ্য বাস্তবায়নে ত্রিপুরার সম্ভাবনা ও অবদান নিয়েও বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, কেন্দ্রীয় সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা মিললে এই উদ্যোগগুলি রাজ্যের তাঁতি, কারুশিল্পী, রেশমচাষি, নারী স্বনির্ভর গোষ্ঠী এবং যুব উদ্যোক্তাদের জন্য নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি ত্রিপুরা দেশের বস্ত্র ও হস্তশিল্প শিল্পে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে সক্ষম হবে।
বৈঠক শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, ত্রিপুরার ঐতিহ্য, দক্ষতা ও সম্ভাবনাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে রাজ্যের বস্ত্র ও হস্তশিল্প খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।