জনতার কলম, আগরতলা, ২৩ জুন :-ত্রিপুরার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে মঙ্গলবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
বৈঠকে পর্যটন দপ্তরের সচিব, অধিকর্তা, জিরানিয়া মহকুমা শাসক, নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা, সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী এবং অন্যান্য আধিকারিকরা অংশগ্রহণ করেন।
এদিন ‘ত্রিপুরা হেরিটেজ ভিলেজ’, ‘সঙ্গীত এক্সপেরিয়েন্স’ এবং কলকাতার নিক্কো পার্কের আদলে নির্মীয়মাণ আধুনিক বিনোদন পার্কের চলমান কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট আধিকারিক ও নির্মাণকারী সংস্থাকে কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেন। তিনি বলেন, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যুক্ত হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি স্থানীয় অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈঠকে প্রকল্পগুলির গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য বিভিন্ন পরামর্শ ও নির্দেশ প্রদান করা হয়।