Home রাজনৈতিকবুথ থেকে রাজ্য—সংগঠন মজবুত করতে বিজেপির উচ্চপর্যায়ের বৈঠক

বুথ থেকে রাজ্য—সংগঠন মজবুত করতে বিজেপির উচ্চপর্যায়ের বৈঠক

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ২৩ জুন :-ত্রিপুরা বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে সোমবার রাজ্য অতিথিশালায়‌ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ক সম্বিত পাত্র, ত্রিপুরা ও আসামের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ প্রভারী ডা. রাজদীপ রায় এবং নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিধায়ক এবং দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

সূত্রের খবর, বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বুথস্তরে সংগঠনকে আরও মজবুত করা, জনসংযোগ বৃদ্ধি, সদস্য সংগ্রহ অভিযান এবং আগামী বিভিন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে গ্রামীণ এলাকায় দলের সাংগঠনিক বিস্তার এবং কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

এদিন বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির অগ্রগতি এবং আগামী দিনে দলীয় কর্মসূচিকে কীভাবে আরও গতিশীল করা যায় তা নিয়েও আলোচনা হয়। নেতৃত্বের পক্ষ থেকে কর্মীদের মানুষের মধ্যে গিয়ে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি অভিষেক দেবরায় ত্রিপুরা বিজেপির নতুন প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠককে আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক রূপরেখা নির্ধারণের অন্যতম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন স্তরে নিয়মিত সাংগঠনিক বৈঠক, মণ্ডল ও জেলা পর্যায়ে কর্মসূচি গ্রহণ এবং তৃণমূল স্তরে দলকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে নেতৃত্ব জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সেবা, সুশাসন ও উন্নয়ন’-এর আদর্শকে সামনে রেখে ত্রিপুরায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে দল কাজ করে যাবে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy