Home রাজনৈতিকজননেতা ফয়জুর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের প্রেরণা: মানিক

জননেতা ফয়জুর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের প্রেরণা: মানিক

by janatar kalam

জনতার কলম, ধর্মনগর, ২৪ জুন:- প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক স্মরণসভা ও শোকানুষ্ঠানের আয়োজন করে সিপিআই(এম)-এর উত্তর জেলা কমিটি। অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর উত্তর জেলা সম্পাদক অমিতাভ দত্ত, বিধায়ক ইসলাম উদ্দিন, বিধায়ক শৈলেন্দ্রনাথ এবং প্রয়াত নেতার পুত্র বদরুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, ফয়জুর রহমান ছিলেন এমন একজন জননেতা, যিনি রাজনৈতিক জীবনজুড়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থেকেছেন। মানুষের স্বার্থ রক্ষায় তাঁর নিরলস সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং আদর্শনিষ্ঠ রাজনৈতিক ভূমিকা তাঁকে জনমানসে এক বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, ফয়জুর রহমান শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন মানুষের আস্থার প্রতীক। তাঁর কর্মময় জীবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আগামী দিনের রাজনৈতিক কর্মীদের জন্য দিশারী হয়ে থাকবে।

শোকসভায় উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সমাজের উন্নয়নে অবদানের নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নতুন প্রজন্মের কাছে ফয়জুর রহমানের আদর্শ, মূল্যবোধ এবং মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজ ও রাজনীতিতে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy