জনতার কলম, আগরতলা, ২৪জুন :- কাঁঠালতলী এলাকার বহুল আলোচিত সমীর দাস হত্যা মামলায় গ্রেফতার অভিযুক্তদের ৫ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী সংস্থা। শুনানি শেষে আদালত অভিযুক্তদের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
সরকার পক্ষের আইনজীবী দিলীপ দেবনাথ জানান, মামলাটির তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, পরিকল্পনায় আর কারা জড়িত ছিল এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য তথ্য উদঘাটনের জন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। সেই কারণেই আদালত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে।
উল্লেখ্য, সোমবার গভীর রাতে কাঁঠালতলী এলাকায় যুব নেতা ও বিজেপি কর্মী সমীর দাসকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও সমীর দাসের পরিবারের সদস্যরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, অভিযুক্তদের আদালতে আনা হলে কোর্ট চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সমীর দাসের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে খবর, রিমান্ড চলাকালীন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ ও ষড়যন্ত্রের বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও অনুমান করা হচ্ছে।