জনতার কলম, আগরতলা, ২৩ জুন :- যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই যুবকদের খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণ ও উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সোমবার অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালির সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ক্রীড়াবিদদের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ। অতীতে বিভিন্ন ক্রীড়া কমিটি রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তবে বর্তমান সরকার প্রতিটি জেলা ও মহকুমায় আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। রাজ্যের ছেলে-মেয়েদের খেলাধুলায় আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে রাজ্যের কৃতি খেলোয়াড়দের যথাযথ সম্মান দেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে উদ্যোগী হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে প্রাক্তন কৃতি খেলোয়াড়দের নামে ইন্ডোর স্টেডিয়াম, ট্র্যাক, গ্যালারি প্রভৃতির নামকরণ করা হয়েছে। এছাড়া ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন বর্তমানে সঠিকভাবে কাজ করছে বলেই সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।
অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের যুব সম্প্রদায়ের প্রতিভা বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবান ছেলে-মেয়েদের এগিয়ে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি যোগ্য ক্রীড়াবিদদের জন্য স্পোর্টস কোটায় চাকরির বিষয়েও সরকার ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক অন্তরা সরকার দেব, আসাম থেকে আগত বিধায়ক ড. রাজদীপ রায়, ক্রীড়া দপ্তরের সচিব ড. পি. কে. চক্রবর্তী, অধিকর্তা এল ডার্লং, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সম্পাদক সুজিত রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে অলিম্পিক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে মুখ্যমন্ত্রীসহ উপস্থিত অতিথিরা অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে র্যালিটি অলিম্পিকের আদর্শ ও ক্রীড়াচর্চার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।