জনতার কলম, আগরতলা, ২৩ জুন :- সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। মঙ্গলবার আগরতলার নেতাজি সুভাষ রিজিওন্যাল কোচিং সেন্টার (এনএসআরসিসি)-তে তিনদিনব্যাপী রাজ্যভিত্তিক বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার খেলাধুলার প্রসার এবং খেলোয়াড়দের উন্নত সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। বর্তমানে অভিভাবকরাও খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতন। তারা চান তাদের সন্তানরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সঙ্গেও যুক্ত থাকুক, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন এসেছে। তাই কোচ ও খেলোয়াড়দের আধুনিক প্রযুক্তি এবং নতুন কৌশল সম্পর্কে অবগত থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সফল ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনা করে দেশের যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি প্রতিযোগিতায় নিজেদের সেরাটা তুলে ধরা। জয়-পরাজয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং অভিজ্ঞতা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্য সরকার ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু পরিকাঠামো উন্নয়ন নয়, খেলোয়াড়দের মানসিকতারও ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। তিনি রাজ্যের বিভিন্ন মহকুমায় নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।
পশ্চিম ত্রিপুরা জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ২৫ জুন পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় উত্তর ত্রিপুরা, ধলাই, খোয়াই, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরাসহ বিভিন্ন জেলার দল অংশগ্রহণ করছে। এছাড়াও ইকফাই বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দলও অংশ নিচ্ছে। ছেলেদের বিভাগে ৯টি, মেয়েদের বিভাগে ৭টি এবং ইয়ুথ বিভাগে ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় সাহা, সচিব সমীর দাসসহ ক্রীড়া দপ্তরের আধিকারিক ও বিপুল সংখ্যক ক্রীড়াবিদ।