Home স্বাস্থ্যএবিভি ক্যান্সার সেন্টারে বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের প্রস্তুতি, পরিদর্শনে স্বাস্থ্য সচিব

এবিভি ক্যান্সার সেন্টারে বোনম্যারো ট্রান্সপ্লানটেশনের প্রস্তুতি, পরিদর্শনে স্বাস্থ্য সচিব

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ২৩ জুন :-ত্রিপুরার অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং রোগীদের সুবিধা বৃদ্ধির জন্য একগুচ্ছ নির্দেশ জারি করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য সচিব হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত বোনম্যারো ট্রান্সপ্লানটেশন পরিষেবা চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কাজ শুরু করার নির্দেশ দেন। পাশাপাশি ক্যান্সার রোগীদের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা অব্যাহত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন।

ক্যান্সার হাসপাতালের উপর রোগীর চাপ কমাতে ধলাই, গোমতী ও উত্তর জেলায় অবস্থিত তিনটি ডে-কেয়ার সেন্টারকে আরও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব জানান, প্রতি মাসে একবার করে অঙ্কোলজিস্টরা সংশ্লিষ্ট ডে-কেয়ার সেন্টারগুলি পরিদর্শন করবেন এবং স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করবেন। এর ফলে রোগীরা নিজ নিজ জেলাতেই ওরাল কেমোথেরাপি, প্যালিয়েটিভ কেয়ারসহ বিভিন্ন পরিষেবা পাবেন এবং চিকিৎসার জন্য বারবার আগরতলা আসার প্রয়োজন হবে না।

তিনি বলেন, বর্তমানে ক্যান্সার হাসপাতাল থেকে অস্ত্রোপচারের জন্য কোনও রোগীকে বাইরে রেফার করতে হচ্ছে না। হাসপাতালের বিদ্যমান পরিকাঠামো ও আধুনিক সরঞ্জামগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জেলা স্তরের ডে-কেয়ার সেন্টারগুলিকে নিয়মিত সচল রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কিরণ গিত্তে জানান, ক্যান্সার হাসপাতালে উন্নতমানের ল্যাবরেটরি ও আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বোনম্যারো ওয়ার্ড দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থা করা হবে।

ওষুধের প্রাপ্যতা সম্পর্কে তিনি বলেন, অমৃত ফার্মেসিতে প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ মজুত থাকে। কোনও ওষুধ অনুপস্থিত থাকলে তা দ্রুত সংগ্রহের ব্যবস্থা করা হবে। উন্নত ক্যান্সার চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে বলেও তিনি আশ্বাস দেন।

এছাড়া জিবিপি হাসপাতালের সামনে নির্মিত নাইট শেল্টার দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীদের পরিবারের সদস্যদের থাকার সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের পরিকাঠামো অত্যন্ত উন্নত এবং এখানকার পরিষেবাও সন্তোষজনক। হাসপাতালের প্রয়োজনীয় উন্নয়ন ও রোগীকল্যাণমূলক কাজে রোগী কল্যাণ সমিতি, রাজ্য সরকার এবং ন্যাশনাল হেলথ মিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার মিশন ডিরেক্টর সাজু ওয়াহিদ এ, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশ্রী দেববর্মা, ক্যান্সার সেন্টারের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ শিরোমনি দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব ডাঃ সৌভিক দেববর্মা এবং এনএইচএম-এর স্টেট প্রোগ্রাম অফিসার ডাঃ সারয়াউতি রিয়াংসহ অন্যান্য আধিকারিকরা।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy