Home রাজ্য৫ সেপ্টেম্বর থেকে শুরু SIR, ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা: জেলা শাসক

৫ সেপ্টেম্বর থেকে শুরু SIR, ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা: জেলা শাসক

by admin

জনতার কলম, আগরতলা, ২৮আগস্ট :-পশ্চিম ত্রিপুরা জেলাতেও আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR) কর্মসূচি। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা যাচাই, সংশোধন এবং প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

শুক্রবার সোনারতরী রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক ডা. বিশাল কুমার। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক এবং সদর মহকুমা শাসক।

জেলাশাসক জানান, আগামী ৫ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ, পরিকল্পনা এবং বাড়ি বাড়ি যাচাইয়ের প্রস্তুতির মধ্য দিয়ে SIR প্রক্রিয়া শুরু হবে। এরপর বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের প্রয়োজনীয় ফর্ম বিতরণ করবেন। ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ।

SIR-এর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২১ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা প্রকাশের পর ২১ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত নাগরিকরা ভোটার তালিকা সংক্রান্ত দাবি ও আপত্তি জানাতে পারবেন। এরপর ২১ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (AERO) দাবি ও আপত্তির শুনানি করে সেগুলির নিষ্পত্তি করবেন। সবশেষে ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

জেলাশাসক জানান, SIR প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহায়তা করার জন্য আগামী ৫ সেপ্টেম্বর থেকেই জেলাশাসক এবং মহকুমা শাসকদের কার্যালয়ে হেল্পডেস্ক চালু করা হবে। পাশাপাশি নাগরিকদের নিজ নিজ এলাকার BLO-দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। কোনও বিষয়ে সমস্যা বা সংশয় থাকলে হেল্পডেস্কের পাশাপাশি টোল-ফ্রি হেল্পলাইন ১৯৫০ নম্বরেও যোগাযোগ করা যাবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশেষ নিবিড় সংশোধনের মূল লক্ষ্য হলো কোনও যোগ্য নাগরিক যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন, তা নিশ্চিত করা।

পশ্চিম ত্রিপুরা জেলায় বর্তমানে সদর, মোহনপুর ও জিরানিয়া—এই তিনটি মহকুমার অধীনে মোট ১৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। জেলায় রয়েছেন ১৪ জন ERO, ৪২ জন AERO, ৫৭ জন অতিরিক্ত AERO, ৮২ জন BLO Supervisor এবং ৭৯৫ জন BLO।

বর্তমানে পশ্চিম ত্রিপুরা জেলায় মোট ৭৯৫টি ভোটকেন্দ্র রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের প্রস্তাবিত পুনর্বিন্যাস প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ৬৭টি নতুন ভোটকেন্দ্র চালুর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ৩২টি নতুন সেকশন পুনর্গঠন এবং ৭টি ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের প্রস্তাবও রয়েছে।

জেলায় বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৬,৯৯,৪২৯ জন। এর মধ্যে ৬,৩৮,৩২০ জন ভোটারের ম্যাপিং সম্পন্ন হয়েছে, যা মোট ভোটারের প্রায় ৯১.২৬ শতাংশ। এখনও ৬১,১০৯ জন ভোটার ম্যাপিংয়ের আওতার বাইরে রয়েছেন।

জেলাশাসন নাগরিকদের উদ্দেশে আবেদন জানিয়েছে, SIR প্রক্রিয়াকে সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ভোটাররা যেন BLO-দের সঙ্গে সহযোগিতা করেন, প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়ায় অংশ নেন এবং ভোটার তালিকায় কোনও ভুল বা অসঙ্গতি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে দাবি ও আপত্তি জানান।

related posts

Leave a Reply

Secret Link