জনতার কলম, আগরতলা, ২৭ আগস্ট :-ত্রিপুরায় দেশি-বিদেশি পর্যটকের আগমন ক্রমশ বাড়ছে। পর্যটনকে কেন্দ্র করে রাজ্যে আগ্রহ বাড়ার পাশাপাশি পর্যটক সংখ্যাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা ৩.১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভায় বিধায়ক অন্তরা সরকার দেবের এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
পর্যটনমন্ত্রী জানান, ২০২৩-২৪ অর্থবছরে রাজ্যে মোট ৫,৪৫,২৯৯ জন পর্যটক এসেছিলেন। এর মধ্যে দেশীয় পর্যটকের সংখ্যা ছিল ৪,৬৯,৩২৮ জন এবং বিদেশি পর্যটক ছিলেন ৭৫,৯৭১ জন।
পরবর্তী অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে পর্যটক আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়ায় ৭,০৭,১৭৩ জনে। এর মধ্যে দেশীয় পর্যটক ছিলেন ৬,২৭,৭০৫ জন এবং বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৭৯,৪৬৮ জন।
মন্ত্রী আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে রাজ্যে মোট ৭,২৯,৪১৪ জন পর্যটক এসেছেন। এর মধ্যে দেশীয় পর্যটকের সংখ্যা ৭,১০,২৪৩ জন। বিদেশি পর্যটক এসেছেন ১৯,১৭১ জন।
পরিসংখ্যান অনুযায়ী, একদিকে দেশীয় পর্যটকের আগমন ধারাবাহিকভাবে বৃদ্ধি পেলেও বিদেশি পর্যটকের সংখ্যায় ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য পতন হয়েছে। তবুও সামগ্রিকভাবে রাজ্যে পর্যটক আগমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের সম্ভাবনা আরও উজ্জ্বল হচ্ছে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও ধর্মীয় পর্যটনস্থল এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়নও পর্যটন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।