Home স্বাস্থ্যস্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টিএমসি ও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতাল: মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে টিএমসি ও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতাল: মুখ্যমন্ত্রী

by admin

জনতার কলম, আগরতলা, ২৫ আগস্ট:-আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা মেডিকেল কলেজ (টিএমসি) ও ডাঃ বি. আর. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতাল। এই হাসপাতালের বিভিন্ন চিকিৎসা পরিষেবার পরিসংখ্যান দেখে সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

মঙ্গলবার আগরতলার হাঁপানিয়াস্থিত বিবেকানন্দ অডিটোরিয়ামে ত্রিপুরা মেডিকেল কলেজ ও ডাঃ বি. আর. আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালের ২১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ফ্যাকাল্টি সদস্য, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্টদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, এই হাসপাতালে ওপিডি পরিষেবা, মেজর ও মাইনর অপারেশন, ডায়ালিসিস, এন্ডোস্কপি, কোলোনোস্কপি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। এসব পরিষেবার পরিসংখ্যান দেখে তিনি অত্যন্ত আনন্দিত। সাধারণ মানুষের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টিএমসি ও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে ত্রিপুরা মেডিকেল কলেজের যাত্রা শুরু হয়েছিল, তা বর্তমানে সাফল্যের সঙ্গে বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। আগামী দিনেও চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে কলেজের বর্তমান অগ্রগতি, চিকিৎসা পরিষেবার বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে চিকিৎসক, ফ্যাকাল্টি সদস্য, ছাত্র-ছাত্রীসহ হাসপাতাল ও মেডিকেল কলেজের বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।

related posts

Leave a Reply

Secret Link