Home Blog Page 581

বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং ‘ভাগীদারি’ দেশের গুরুত্বপূর্ণ সমস্যা : রাহুল 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের ধুলে জেলার দোন্ডাইচা গ্রামে জনগণের সাথে আলাপচারিতায় রাহুল গান্ধী বলেন, জাতিগত জনগণনা পরিচালনা করা একটি ঐতিহাসিক ও বৈপ্লবিক পদক্ষেপ। রাহুল এবং কংগ্রেস বারবার আশ্বাস দিচ্ছে যে তাঁর দল কেন্দ্রে সরকার গঠন করলে জাতিভিত্তিক জনগণনা করবে।

”অর্থনৈতিক ও আর্থিক সমীক্ষা পরবর্তী পদক্ষেপ হবে এবং আমি এটি করব। দলিত, সাধারণ শ্রেণির গরিব মানুষ, সংখ্যালঘু ও আদিবাসীরা জানবে তারা কোথায় দাঁড়িয়ে আছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং ‘ভাগীদারি’ দেশের গুরুত্বপূর্ণ সমস্যা,” তিনি বলেন।
রাহুল গান্ধী দাবি করেন, মিডিয়া, নির্বাচন কমিশন, আমলাতন্ত্র, বেসরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শ্রেণির দলিত, আদিবাসী বা সংখ্যালঘু থেকে আসা দরিদ্রদের প্রতিনিধিত্ব নেই।

তিনি আরও বলেন, “চীনা সেনা জওয়ানরা ৩-৪ বছরের জন্য আধুনিক অস্ত্র চালানোর প্রশিক্ষণ পান। আমাদের অগ্নিবীরদের, যাঁরা ছ’মাসের প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের যদি চীনা জওয়ানদের মোকাবিলা করতে হয়, তাহলে কী হবে ভাবতে পারেন?

আমাদের অগ্নিবীররা প্রশিক্ষণ ছাড়াই চলে যাবেন, প্রাণ দেবেন, কিন্তু তা সত্ত্বেও শহিদের মর্যাদা পাবেন না।”

 

 

রাজ্যের দুটি আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্বতন সরকারের সময়ে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যেত বিভিন্ন সংগঠনের নামে চাঁদা তোলা। বর্তমানে এই চাঁদা সংস্কৃতি বন্ধ হয়েছে বলে দাবি করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় টি সেলের বৈঠক।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের বিভিন্ন সংগঠনের সাংগঠনিক বৈঠক করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এদিন টি সেলের বৈঠক করা হয়। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, টি সেলের কনভেনার সহ অন্যরা।

প্রদেশ বিজেপি সভাপতি এদিন বলেন,নির্বাচনকে সামনে রেখে চা শ্রমিক সুবিধাভোগীদের কাছে যেতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা প্রত্যেক বাগানে বাগানে পৌঁছে দিতে হবে লিফলেটের মাধ্যমে। কেন্দ্র- রাজ্য সরকার কি কি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করেছে তা প্রচারে নিয়ে যেতে হবে।

রাজীব বাবু বলেন, আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষে সমাজের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। পাশাপাশি চা শ্রমিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান। এদিন বৈঠক থেকে আহ্বান জানানো হয় রাজ্যের দুটি আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার।

 

 

নির্বাচন ঘোষণার পর নির্বাচনী আচরণ বিধি মেনে খবর করার আহ্বান মুখ্য নির্বাচনী আধিকারিকের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘোষণা নাহলেও প্রশাসনিক স্তরে লোকসভা নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যে। আর নির্বাচনে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর তাই সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে হয় প্রশিক্ষণ কর্মসূচী। বুধবার সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী হয় আগরতলা প্রজ্ঞাভবনে নির্বাচন কমিশনের তরফে।

উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। প্রশিক্ষণ কর্মসূচীতে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা অংশ নেন। এদিনের কর্মসূচী নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, যে কোন সময় লোকসভা নির্বাচন ঘোষণা হতে পারে। লাগু হয়ে যাবে নির্বাচনী আচরণ বিধি। গণতন্ত্রে মিডিয়ার বড় ভূমিকা রয়েছে।

সরকার, জনগণের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে সংবাদ মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সহযোগিতা আগেও মিলেছে এবারও মিলবে। মুখ্য নির্বাচনী আধিকারিক আরও বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যে পদক্ষেপ নেবেন তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরা হবে।

 

 

 

 

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বৈঠক করলেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও ভারতের উপরাষ্ট্রপতি 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স আজ উপ-রাষ্ট্রপতি নিবাসে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নেতৃবৃন্দের মধ্যে আলোচনা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরে, গণতন্ত্র এবং আইনের শাসনের মূলে থাকা অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত, এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ এবং জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করা মূলত এইসব বিষয়ের উপর আলোচনা হয় বলে জানা যায়।

এই সিদ্ধান্তটি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধা : অমিত 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নিজ সামাজিক মাধ্যমে টুইট করে জানান “এটি একটি ঐতিহাসিক দিন কারণ প্রধানমন্ত্রী মোদী হায়দ্রাবাদ মুক্তি আন্দোলনের শহীদদের সম্মানে প্রতি বছর ১৭ সেপ্টেম্বর হায়দ্রাবাদ মুক্তি দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন৷

এই সিদ্ধান্তটি স্বাধীনতা সংগ্রামীদের প্রতি একটি উপযুক্ত শ্রদ্ধা৷ এবং শহীদরা যারা হায়দ্রাবাদ অঞ্চলকে নৃশংস নিজাম শাসন থেকে মুক্ত করে ভারতের অংশ থাকার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।”

ICA/C-5182

0

নির্বাচনের আগে প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা হিসেবেই ভিত্তি প্রস্তর স্থাপন খাদ্যমন্ত্রীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার নিজ বিধানসভা এলাকার মোহনপুর বাজারে প্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৮৪ টি স্টল বিশিষ্ট দ্বিতল মার্কেট স্টল কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি পূজন শেষে এই মার্কেট কমপ্লেক্স স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন, পর্যটন এবং খাদ্য ও জন সংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বেকারদের স্বাবলম্বী করে তোলা এবং ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে জিরানীয়া মহকুমার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর বাজারে এই নতুন অত্যাধুনিক মার্কেট স্টল নির্মাণ করা হচ্ছে। যাতে ব্যবসায়ীরা সুন্দর ভাবে ব্যবসা করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই তৈরি করা হবে স্টলগুলি। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্টলের জন্য ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের বিজেপি সরকারের নগর ও গ্রামোন্নয়নের কর্মকান্ডের প্রতি এই উদ্যোগ এক উজ্জল ভবিষ্যতের প্রতি আরেকটি পদক্ষেপ। পাশাপাশি মন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ গুলি তুলে ধরেন। তিনি আরও বলেন, আরেকটি দীর্ঘ বছরের অপূর্ণ দাবী ও স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে মোহনপুর বাজারের ব্যবসায়ী বন্ধুদের।

গত বিধানসভা নির্বাচনের আগে মোহনপুর বাজারের ব্যবসায়ী বন্ধুদের তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানে একটি অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স তৈরী করে দেওয়ার। তাঁদের এই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা হিসেবেই আজকের এই ভিত্তি প্রস্তর স্থাপন। এই মার্কেট স্টল নির্মাণের ফলে আত্মনির্ভরতার দিকে এগিয়ে চলা বেকারদের জন্য লাভজনক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের দ্বারা বিভিন্ন বাজারগুলোর অবকাঠামো উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে নানাবিধ উদ্যোগও তুলে ধরেন । আজকের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, ভাইস-চেয়ারম্যান প্রীতম দেবনাথ, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ মোহনপুর বাজারের ব্যবসায়ীরা।

১৪ তারিখ দুই সংগঠন যৌথভাবে আগরতলা শহরে যুব মিছিল- জমায়েত করার সিদ্ধান্ত : নবারুণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশ-সংবিধান, ধর্মনিরপেক্ষতা রক্ষায় ,শিক্ষার অধিকার ও কর্মসংস্থানের দাবিতে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে রাজ্যে আন্দোলনে নামছে দুই বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন। চলতি মাসের ১৪ তারিখ দুই সংগঠন যৌথভাবে আগরতলা শহরে যুব মিছিল- জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছে।

১৪ মার্চ রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে জমায়েত হয়ে শহরে বের হবে মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে ওরিয়েন্ট চৌমুহনীতে হবে সমাবেশ। মঙ্গলবার আগরতলা মেলারমাঠ ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান দুই সংগঠনের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, উপজাতি যুব ফেডারেশনের সভাপতি কৌশিক রায় দেববর্মা, সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা সহ অন্যরা।

তারা জানান রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুবরা সেদিন আগরতলায় আসবেন এবং কর্মসূচীতে যোগ দেবেন দাবি আদায়ে।যুব নেতা নবারুণ দেব কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাম যুবরা এই কর্মসূচী গ্রহণ করেছে নিজেদের শক্তির জানান দিতে।

 

 

রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে জেলা, মহকুমা ও গ্রামীণ এলাকাগুলিতে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। আজ ৫০ শয্যাবিশিষ্ট জিরানীয়া মহকুমা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। এ উপলক্ষে জিরানীয়া ব্লক চৌমুহনিস্থিত পুরাতন স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ জিরানীয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এই মহকুমা হাসপাতাল নির্মাণে ব্যয় হবে ৪১ কোটি ৫৩ লক্ষ টাকা। এই মহকুমা হাসপাতালে ১৬টি স্টাফ কোয়ার্টার সহ হাসপাতালের যাবতীয় প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ করা হবে৷ মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন নির্মাণ সংস্থা কাজের গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যেই হাসপাতালের নির্মাণ কাজ শেষ করবে৷।

তিনি বলেন, উন্নয়ন কাজে সরকার দুর্নীতি বা গাফিলতিকে কখনও প্রশ্রয় দেবে না। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, ২০১৮ সাল থেকে এই জিরানীয়া মহকুমায় ১টি মহকুমা হাসপাতাল স্থাপনের দাবি ছিলো। আজ সেই দাবি পূরণ হলো।

তিনি আশা প্রকাশ করেন আগামীদিনে এই এলাকার মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ ও বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জিরানীয়া নগরপঞ্চায়েতের চেয়ারপার্সন রতন কুমার দাস। স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডা. সঞ্জীব দেববর্মা।

অনুষ্ঠানে ২ জন গর্ভবতী মহিলাকে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনায় ২ হাজার টাকার, ক্ষুদ্র ব্যবসার জন্য ১ জন মহিলাকে ১০ হাজার টাকার চেক ও ২ জনকে বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা তাদের হাতে সেই সহায়তা তুলে দেন৷

ICA/C-5173

0