Monthly Archives
May 2025
২১০ হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবর গুজব
written by janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতানিয়া থেকে সৌদিগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। আর এই হজ বিমান দুর্ঘটনার খবরকে মিথ্যা বলে উল্লেখ করে মৌরতানিয়া ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের হজ পরিচালক এল ওয়ালি। তিনি জানান যে, সকল মৌরতানিয়া হজযাত্রী নিরাপদে আছেন এবং কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পবিত্র ভূমিতে পৌঁছেছেন। “মৌরতানিয়া হজযাত্রী বিমান লোহিত সাগরে বিধ্বস্ত: ২১০ জন নিখোঁজ হওয়ার আশঙ্কা” বলে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু প্রতিবেদনের পর এল ওয়ালিয়া এক বিবৃতিতে জানান।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে মরিতানিয়া এয়ারওয়েজের বিমানটি লোহিত সাগরে বিধ্বস্ত হওয়ার সময় ২২০ জন হজযাত্রী ছিলেন। কর্তৃপক্ষ এখন এই সমস্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তিনি বলেছেন, “আমাদের সমস্ত ফ্লাইট নিরাপদ” মৌরতানিয়া এয়ারলাইন্স নিশ্চিত করেছে যে ২৩, ২৪ এবং ২৫ মে তিনটি নির্ধারিত ফ্লাইট সমস্ত হজযাত্রীদের নিরাপদে মক্কায় পৌঁছে দিয়েছে। তিনি আরো বলেন, “আমরা এই বছরের হজ মৌসুমের জন্য তিনটি বহির্গামী ফ্লাইট পরিচালনা করেছি এবং তিনটিই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিরাপদে পৌঁছেছে”, বিমান সংস্থাগুলি এক বিবৃতিতে তা জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে যে বিশ্বজুড়ে ১০ লক্ষেরও বেশি হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। সৌদি রাজকীয় আদালত মঙ্গলবার নিশ্চিত করেছে যে মূল হজ অনুষ্ঠান অর্থাৎ আরাফাতের ময়দানে দাঁড়ানো ৫ জুন, ২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
নার্সগণ স্বাস্থ্য পরিষেবা এবং সমাজের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে: রাজ্যপাল
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমাদের রাজ্য ও দেশের স্বাস্থ্য পরিকাঠামো দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই স্বাস্থ্য ক্ষেত্রে প্রয়োজন দক্ষ নার্সিং স্টাফের। নার্সগণ স্বাস্থ্য পরিষেবা এবং সমাজের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজ মেলাঘরের সর্বোদয়া ইনস্টিটিউশন অব নার্সিংয়ের জিএনএম-এর চতুর্থ ব্যাচ এবং এএনএম-এর ষষ্ঠ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু।
আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে রাজ্যপাল সর্বোদয়া ইনস্টিটিউশন অব নার্সিংয়ের ম্যাগাজিন ‘গ্লোস্পায়ার’-এর আবরণ উন্মোচন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও দক্ষ নার্স প্রয়োজন। তিনি নার্সদের ধৈর্য্য সহকারে সেবা, দয়া, শ্রদ্ধা এবং মর্যাদাপূর্ণ ভাব নিয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতীমা ভৌমিক।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন স্কুলের সচিব স্বামী শুভকারানন্দ মহারাজ, মেডিকেল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর এইচ পি শর্মা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাঙ্গালুরুস্থিত সর্বোদয়া ইনস্টিটিউট অব নার্সিংয়ের অধ্যক্ষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের মেলাঘর বিভাগের প্রশাসনিক আধিকারিক স্নেহাশিষ ভৌমিক। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।
বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের মাধ্যমে আরও বেশি করে ফসল উৎপাদন করা সম্ভব: কৃষিমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজের মাধ্যমে আরও বেশি করে ফসল উৎপাদন করা সম্ভব। কৃষকগণ আরও বেশি করে যেন ফসল উৎপাদন করতে পারেন সেজন্য রাজ্য সরকার ভর্তুকী মূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকদের মধ্যে বিতরণ করছে। অমরপুরের কাঁঠালবাগানস্থিত অমরপুর কৃষি মহকুমার নতুন দ্বিতল ভবন উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। ১৯ কক্ষ বিশিষ্ট দ্বিতল পাকা ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ কোটি ৫ লক্ষ টাকা। কৃষিমন্ত্রী নতুনবাজারে মিডিয়াম মার্কেট শেড এবং রুরাল মার্কেট শেড নির্মাণেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করে খুব সহজেই আত্মনির্ভর হওয়া যায়। নতুন এই অফিসবাড়ি থেকে কৃষকদের আরও বেশি করে প্রশিক্ষণ ও সহায়তার ব্যবস্থা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কৃষি বিশেষজ্ঞগণ কৃষকদের কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় পরামর্শ দেবেন। কোন কোন মরশুমে কি চাষ করতে হবে, কি সার দিতে হবে, ওষুধ প্রয়োগ করতে হবে এগুলো তারা কৃষকদের অবহিত করবেন।
তিনি বলেন, কৃষকদের উৎপাদিত ফসল বিক্রির জন্য রাজ্য সরকার নতুন নতুন বাজার নির্মাণ করছে। ডালাক বাজারে পাকা বাজার শেড নির্মাণের কাজ চলছে। নতুনবাজারে কৃষি মিডিয়াম মার্কেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লক্ষ ৩২ হাজার টাকা। রুরাল মার্কেট নির্মাণে ব্যয় হবে ২ কোটি ২০ লক্ষ টাকা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন বিকাশ সাহা, অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুচিত্রা দাস, অমরপুর বিএসি’র চেয়ারম্যান রবিত্র জমাতিয়া প্রমুখ।
ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অহিল্যাবাই হোলকরের জীবনীর উপর আলোচনাচক্র অনুষ্ঠিত
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অহিল্যাবাই হোলকরের জীবনীর উপর এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে আলোচনাচক্রের উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা এবং বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত।
উদ্বোধকের বক্তব্যে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, অহিল্যাবাই হোলকরের মতো বীরাঙ্গনাদের জীবনশৈলী অনুসরণ করে আমাদের সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। নারীরা যে কোনোভাবেই দুর্বল নন, তা স্বাধীনতা আন্দোলনে অনেক নারীই তাদের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এই নারীদের জীবন গাঁথা আজও আমাদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত বলেন, অহিল্যাবাই হোলকরের মতো বীরাঙ্গনাদের জীবন কাহিনী সম্পর্কে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে জানতে হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার ইতিহাসের বীরাঙ্গনা নারীদের গৌরব গাঁথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার বিশেষ উদ্যোগ নিয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন অহিল্যাবাই হোলকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই বীরাঙ্গনাদের জীবন চর্চার মধ্য দিয়ে দেশপ্রেমের বোধ আরও বেশি করে জাগাতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব চ্যাটার্জি।
স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য সচিব মাধব পাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, সদস্য রত্না কর, অনিতা দাস, নমিতা দেববর্মা প্রমুখ। অহিল্যাবাই হোলকরের প্রতিকৃতিতে অতিথিগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
‘সমর্থ’ পোর্টালের মাধ্যমে রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে: শিক্ষা সচিব
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এবছর ‘সমর্থ’ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া গত ২৩ মে ২০২৫ থেকে শুরু হয়েছে। প্রথম রাউন্ডের এই ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ৩০ মে,২০২৫ পর্যন্ত। ১১ জুন প্রথম রাউন্ডের মেধা তালিকা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আহুত সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার। তিনি জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রনালয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুসারে রাজ্যের সমস্ত সাধারণ ডিগ্রি কলেজগুলিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া ২১ জুন থেকে ২৫ জুন, ২০২৫ পর্যন্ত চলবে। দ্বিতীয় রাউন্ডের ভর্তির পর কলেজগুলিতে যদি কোন আসন খালি থাকে তাহলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ মেধা তালিকা অনুসারে সেই আসনগুলি পূরণে ভর্তি প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, এবছর একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৪টি কলেজে ভর্তির আবেদন সহ প্রতি কলেজে তাদের পছন্দ অনুসারে ২টি major Subject চয়ন করতে পারবে।
সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, রাজ্যের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের সুবিধার্থে এই শিক্ষাবর্ষে রাজ্যে ৩টি নতুন সাধারণ ডিগ্রি কলেজ চালু হচ্ছে। আমবাসায় পুরনো ডিএম অফিস বিল্ডিং, করবুকে করবুক পাঞ্জিহাম এইচ এস স্কুল এবং কাকড়াবনে পূর্বের ডায়েট কলেজে এই শিক্ষাবর্ষে কলেজগুলির ভর্তি প্রক্রিয়া সহ পঠনপাঠন শুরু হবে। এই ৩টি নতুন কলেজে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত তথ্য উচ্চশিক্ষা ডিরেক্টরেটের ওয়েবসাইটে পাওয়া যাবে। তিনি আরও জানান, জাতীয় শিক্ষানীতির নীতি নির্দেশিকা মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টি ডিসিপ্লিনারি মোডে উন্নীতকরণ করা হচ্ছে। এক্ষেত্রে আগরতলার কুঞ্জবনস্থিত ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ এবং কুমারঘাটস্থিত কলেজ অব টিচার এডুকেশন প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ ডিগ্রী কলেজের মত স্নাতক স্তরের কোর্স চালু করা হচ্ছে। সেখানে মাইনর সাবজেক্টের পাশাপাশি কুঞ্জবনস্থিত ইন্সটিটিউট অব অ্যাডভান্স স্টাডিজ-এ মেজর সাবজেক্ট হিসাবে ইংলিশ এবং কুমারঘাটস্থিত কলেজ অব টিচার এডুকেশন-এ মেজর সাবজেক্ট হিসাবে এডুকেশন এবং পলিটিকেল সায়েন্স রাখা হয়েছে। এছাড়া পূর্বের সাব্রুম ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল বিল্ডিংটিতে মাইকেল মধুসূদন দত্ত কলেজের সায়েন্স ক্যাম্পাস হিসাবে ব্যবহার করা হবে।
নরসিংগড়ের টি আই টি-কে সরকারী টেকনিক্যাল ইউনিভার্সটিতে উন্নীতকরণ এবং আগরতলা মহিলা কলেজটিকে সরকারী মহিলা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত করা হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে আর্থিক সহায়তা পাওয়া গেছে। সে অনুযায়ী কাজও হাতে নেওয়া হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান, রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজগুলিতে অধ্যাপকের স্বল্পতা নিরসনে টিপিএসসি-র মাধ্যমে ২০১ জন অ্যাসিটেন্ট প্রফেসর এবং ১৩ জন প্রিন্সিপাল-এর নিয়োগ প্রক্রিয়াধীন। এছাড়া আরও ৩ জন প্রিন্সিপাল এবং ২০০ জন অ্যাসিটেন্ট প্রফেসর পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে। নতুন তিনটি ডিগ্রী কলেজের মধ্যে কাকড়াবনস্থিত পুরাতন ডায়েট কলেজে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আমবাসায় পুরাতন ডিএম অফিস বিল্ডিং এবং করবুকে করবুক পাঞ্জিহাম এইচ এস স্কুলে সংস্কারের কাজ চলছে। শিক্ষাবর্ষ শুরুর আগেই সংস্কার কাজ সম্পন্ন হবে। রাজ্যের সমস্ত ডিগ্রী কলেজগুলিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পঠন-পাঠন জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে তিনি জানান। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা রাজেশ ভট্টাচার্য্য।
তিরঙ্গা র্যালীতে গিয়ে দুর্ঘটনায় গুরতর আহত এক ব্যক্তি, উন্নত চিকিৎসার আবেদন মুখ্যমন্ত্রীর নিকট পরিবারের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনায় আহত স্বামীর চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন জানান অসহায় স্ত্রী এবং গর্ভধারিণী মা। ঘটনা মঙ্গলবার বিকেলে বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম বিধানসভা কেন্দ্রের উত্তর ব্রজপুর এলাকায়।এই এলাকার অত্যন্ত দরিদ্র বলাই দেবনাথ পিতা মৃত চন্দন দেবনাথ। বলাই দেবনাথ বাইসাইকেলে করে মুড়ি এবং বিস্কিট বিক্রি করে সংসার নির্বাহ করে।
সে বাইসাইকেলে করে চড়িলাম বিধানসভার পার্বত্য এলাকাগুলোতে মুড়ি এবং বিস্কুট বিক্রি করে এটাই তার পেশা। গত ২৩ মে বিজেপি দলের চড়িলাম মন্ডলের উদ্যোগে চড়িলাম বাজারে বিজেপি দলের তিরঙ্গা র্যালীতে যোগদান করার জন্য বলাই দেবনাথ বিশালগড় থেকে টি আর ০৭এ ৩০২০ নম্বরের অটো গাড়িতে উঠে। হঠাৎ করে অটো গাড়িটি সিপাহীজলা নৌকা ঘাট এলাকায় আসা মাত্র উদয়পুর থেকে আসা টি আর ০৩ এফ ১৮৫৫ নম্বরের একটি বলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে আহত হয় বলাই দেবনাথ।
বিশালগড় দমকল বাহিনী তাকে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রেফার করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসার পর তাকে নিয়ে আসা হয় তার নিজ বাড়িতে। চিকিৎসক বলেছে তার উন্নত মানের চিকিৎসা দরকার। কারণ তার মাথায় এবং বুকে আঘাত গুরুতর। জিবি হাসপাতাল থেকে আসার পর নিজ বাড়ির মেঝেতেই পড়ে রয়েছে বলাই দেবনাথ। টাকার অভাবে বহিরাজ্যে নিয়ে যেতে পারছে না তার স্ত্রী দিপালী দেবনাথ এবং মা মঞ্জু দেবনাথ।
অত্যন্ত গরিব পরিবার।খবর পেয়ে চড়িলাম মন্ডলের প্রাক্তন সভাপতি রাজকুমার দেবনাথ তার বাড়িতে এসে খোঁজখবর নেয় এবং বলাই দেবনাথের যা ওষুধ পত্রের প্রয়োজন সমস্ত কিছু রাজকুমার দেবনাথ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।রাজকুমার দেবনাথ একটি ওষুধের দোকান ও ঠিক করে দিয়েছে বলাইর ওষুধের জন্য।কিন্তু ঔষধ দিয়ে বলায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে না। বর্তমানে তার যা অবস্থা তাকে বহিরাজ্যে নিয়ে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়া অত্যন্ত প্রয়োজন। বর্তমান চড়িলামের মন্ডল সভাপতি তাপস দাস ও তার কাছের লোকজন দিয়ে বলাই এর পরিবারে খাবার দাবার পাঠিয়েছে। মন্ডল সভাপতি তাপস বলাই দেবনাথের পরিবারে খাওয়া খাদ্য ও পাঠিয়েছে বলে জানিয়েছেন বলাই,র স্ত্রী। বহিরাজ্যে উন্নতমানের চিকিৎসা না করতে পারলে তার স্বামীর জীবন বাঁচাতে কষ্ট হবে।
তাদের কোন সয় সন্তান নেই। স্বামীকে নিয়ে মহা বিপদে পড়েছে অসহায় স্ত্রী দিপালী দেবনাথ এবং তার মা। মঙ্গলবার বিকেলে হাতজোড় করে স্বামীর চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে বলাই দেবনাথের স্ত্রী দিপালী দেবনাথ এবং মা মঞ্জু দেবনাথ। অসহায় স্ত্রী এবং গর্ভধারিণী মায়ের প্রার্থনা এবং আর্তনাদ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীর নজরে গেলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এমনটাই প্রত্যাশা করে চড়িলাম বিধানসভার উত্তর ব্রজপুর এলাকার মানুষ।
বলাই দেবনাথ নিজেও একজন শাসকদলের সমর্থক। সারাদিন বাইসাইকেল দিয়ে পাহাড়ি এলাকায় মুড়ি বিস্কুট বিক্রি করার পর দলের তিরঙ্গা র্যালিতে যাবে বলে রওনা দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য রেলিতে যোগদান করতে পারেনি।গাড়ি দুর্ঘটনায় বর্তমানে বিছানায় শয্যাশায়ী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের (টি.বি.জে.ই.ই.) ফলাফল আজ প্রকাশিত হয়েছে। ফলাফল বোর্ডের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা দেখতে পারবে। আজ ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
সাংবাদিক সম্মেলনে বোর্ডের সচিব ড. পৃথ্বিজ্যোতি ভৌমিক জানান, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পি.সি.এম. বিভাগে প্রথম স্থান অধিকার করেছে উত্তর ত্রিপুরা জেলার জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র দ্বীপজয় দাস। দ্বিতীয় স্থান পেয়েছে হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ত্রিস্রোতা দাস এবং খেরেংজুরি জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র অর্ণব নাথ তৃতীয় স্থান অধিকার করেছে। পি.সি.বি. গ্রুপে শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনন্যা দেবনাথ, শিশুবিহার বিদ্যালয়ের সপ্তদীপ পাল এবং শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের দেবপ্রসাদ সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে।
সাংবাদিক সম্মেলনে সচিব আরও বলেন, এবারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মোট ৫,২৯৬ জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছিলো। এরমধ্যে ছাত্র ছিলো ২,৫১১ জন এবং ছাত্রী ২,৭৮৫ জন। পি.সি.এম. গ্রুপে নাম নথিভুক্ত করেছিলো ২,২৪৮ জন এবং পি.সি.বি. গ্রুপে নাম নথিভুক্ত করেছিলো ৪,৬৫২ জন। পি.সি.এম. গ্রুপে পরীক্ষায় বসে ১,৯৮৯ জন এবং পি.সি.বি. গ্রুপে পরীক্ষায় বসে ৪,৩৩২ জন।
এই পরীক্ষায় উন্নীত ছাত্রছাত্রীরা রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০-এর মতো বিভিন্ন সিটে ভর্তি হতে পারবে। উল্লেখ্য, রাজ্যের ৮টি জেলায় ১৫টি সেন্টারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের চেয়ারম্যান ড. শুভদীপ পাল এবং সদস্য প্রফেসর সঞ্জয় মিত্র।
