
চতুর্থ টেস্ট ৫ উইকেটে জিতল টিম ইন্ডিয়া
জনতার কলম ওয়েবডেস্ক :- তৃতীয় দিন শেষ ৩০ মিনিটেই দুজন বাইশ গজে ঝড় তুলেছিলেন। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে মনে হচ্ছিল রাঁচি টেস্ট জিতে চলতি সিরিজ পকেটে পুরে নেওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে জয় পেলেও অনেক লড়াই করতে হল। ভেঙে যাওয়া পিচে ব্যাপক লড়াই দিল ইংল্যান্ড।
স্বভাবতই ভারতীয় ড্রেসিংরুমের চাপ বেড়ে গিয়েছিল। তবুও শেষ পর্যন্ত শুভমান গিল এবং ধ্রুব জুরেলের লড়াকু জুটির উপর ভর করে চতুর্থ টেস্ট ৫ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। শুভমান ১২৪ বলে ৫২ এবং ধ্রুব ৭৭ বলে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ ও সিরিজ জেতালেন। আপাতত ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
সঙ্গীত জগতে নক্ষত্রপতন, চিরবিদায় নিলেন শাস্ত্রীয় সঙ্গীত ও গজল গায়ক পঙ্কজ উধাস
জনতার কলম ওয়েবডেস্ক :- সঙ্গীত জগতে নক্ষত্রপতন। ভক্তদের কাঁদিয়ে চিরবিদায় নিলেন শাস্ত্রীয় সঙ্গীত ও গজল গায়ক পঙ্কজ উধাস। প্রয়াণকালে ৭৩ বছর বয়স হয়েছিল তাঁর। ২৬শে ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় গায়কের প্রয়াণের খবর নিশ্চিত করেন তাঁর মেয়ে নায়াব উধাস। তিনি ১৯৫১ সালের ১৭ই মে গুজরাটের জেতপুরে জন্মগ্রহণ করেন।
আজ সকাল ১১টায় মুম্বাইয়ে মারা যান পঙ্কজ উধাস। বেশ কিছুদিন ধরে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন। এই হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে পঙ্কজ উধাসের ক্যান্সার ধরা পড়ে এবং গত কয়েক মাস ধরে তিনি কারও সঙ্গে দেখা করছেন না। আগামীকাল মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
কেক প্লাজা সহ শহরের বিভিন্ন দোকানে হানা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের তথাকথিত বনেদি প্রতিষ্ঠান কেক প্লাজায় হানা দিয়েছে খাদ্য দপ্তর , লিগ্যাল মেট্রলজি এবং ফুড সেফটি যৌথভাবে। বিষাক্ত কেক পেয়েছে প্রতিষ্ঠানে। সিল করে দেওয়া হয়েছে দোকান। সাংবাদিকদের কাছ থেকে রীতিমতো পালিয়ে বেরিয়েছে কেক প্লাজার মালিক ।দীর্ঘদিন ধরেই ভেজাল কেক তৈরি করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল শহরের তথাকথিত বনেদি প্রতিষ্ঠান কেক প্লাজা।
সোমবার লিগেল মেট্রোলজি , খাদ্য দপ্তর এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছিল কেক প্লাজায়।।প্যাকেটিং থেকে শুরু করে সবকিছুতেই ভেজাল। খাদ্যে এক প্রকার বিষক্রিয়া। বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে রমরমা ব্যবসা চালিয়ে আসছিল কেক প্লাজা। বাম আমল থেকে নাম কামাই করে এসেছিল কেক প্লাজা। তখন থেকেই ভেজাল রমরমা ব্যবসা করে আসছিল শহরের বনেদি বলে খ্যাত কেক প্লাজা।
সংবাদে প্রকাশ রবিবার সন্ধ্যায় জনৈক মহিলা কেক কিনতে গিয়ে ছত্রাক দেখতে পায়। বেশ কেল্লাফতে , মহিলা নালিশ জানায় খাদ্য দপ্তরে। দপ্তর যথারীতি নালিশ পাওয়ার সঙ্গে সঙ্গেই অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে স্বনামধন্য প্রতিষ্ঠানে হানাদারী চালায়। এতেই বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউটে। ব্যবহারের তেল থেকে শুরু করে কেক তৈরির ক্রিম কোন জিনিস নেই ভেজাল ও বিষাক্ত ছাড়া। রীতিমতো খাদ্য দপ্তরের অফিসারদের চক্ষু চরক গাছ হয়ে যায়। ভেজালের মাত্রা ছাড়িয়ে গিয়েছে এই প্রতিষ্ঠানটি।
দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ ধরনের ভেজালের সঙ্গে যুক্ত। এত নামিদামি প্রতিষ্ঠান হওয়ায় তার বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস পায়নি কেউ। এই অভিযানে রীতিমত কুর্নিশ জানাতে হচ্ছে খাদ্য দপ্তরের অফিসার সহ লিগ্যাল মেট্রলজি ও ফুট সেফটি ডিপার্টমেন্টকে। অভিমত খরিদ্দারদের। এদিকে কেক প্লাজার মালিকের কাছে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে নারাজ। বারবার এড়িয়ে গিয়েছে সাংবাদিকদের প্রশ্ন।
এই দিনের অভিযানে কেইক প্লাজার উল্টোদিকে শ্রীকৃষ্ণ হট চিপস এরএকটি দোকানে অভিযান চালানো হয় ওই দোকানেও অবৈধ জিনিস পত্র লক্ষ্য করা যায় এবং তার পাশের দোকানে বালাজী কেক এন্ড সুইটসেও অভিযান চালানো হয়। সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব লক্ষ্য করা যায় কাগজপত্র ঠিক ছিল না। মোট ৩টি দোকানে অভিযান চালানো হয়।
৫৭ লক্ষ ৪৩ হাজার টাকার সহায়তা দিব্যাঙ্গদের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ও গোমতি জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক অধিকারী শিবির অনুষ্ঠিত হয় ভারত সরকারের এডিয়াইপি প্রকল্পে । শিবিরে দিব্যাঙ্গজনের জন্য চলন সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ করেন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক । এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কর্পোরেশন ও আদিবাসী কল্যাণ ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, গোমতি জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক সহ আরো অনেকে। এদিন গোমতী জেলায় আটটি ব্লক থেকে ১২১৭ টি আবেদন জমা হয়। এই ১২১৭টি আবেদন পত্রের মধ্যে ৭০৪ জন বেনিফিসারির হাতে দিব্যাঙ্গজনের সহায়ক ডিভাইস বিনামূল্যে বিতরণ।
তার মধ্যে পুরুষ রয়েছে ৪৫৬ জন, মহিলা রয়েছে 248 জন। এই যন্ত্রাংশ গুলির সরকারি বাজার মূল্য ৫৭ লক্ষ ৪৩ হাজার টাকা। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বললেন কেন্দ্রীয় সরকার দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং শেষ মানুষটিকে লাইনে রেখে তাদের ক্ষমতায়ন করে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিতে কাজ করছে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া লাখপতি দিদিদের প্রসঙ্গ টেনে বলেন প্রধানমন্ত্রী দিব্যাঙ্গদের উন্নয়নের পাশাপাশি তৈরি করছেন লাখপতি দিদিদের। যারা ধীরে ধীরে আত্মনির্ভর ত্রিপুরা তথা ভারত গড়তে সহায়তা করছে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে দিব্যাঙ্গ ভাইবোনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রত্যেক দিব্যাঙ্গ ভাইবোনদের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
অমৃত ভারত স্টেশন প্রকল্পে উপকৃত রাজ্য : মুখ্যমন্ত্রী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বমানের স্টেশনে পরিণত হওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগুলো আগরতলা রেল স্টেশন। সোমবার দ্বিতীয় পর্যায়ের অমৃত ভারত রেলস্টেশন প্রকল্পে আগরতলা রেল স্টেশনে ৪৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সোমবার প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেশের ৫৪৪ টি রেল স্টেশনের আধুনিকিকরনের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই ভিত্তিপ্রস্থ স্থাপন করেন।
এর মধ্যে আগরতলা রেল স্টেশনটিও রয়েছে। এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগতলা রেলস্টেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের প্রথম পর্যায়ে দেশের ৫০৮ টি রেল স্টেশনের আধুনিকীকরণের কাজ হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ৯১টি রেল স্টেশন ছিল।
ত্রিপুরায় এই প্রকল্পে ৩টি রেল স্টেশন রয়েছে ।এগুলি হল ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর। এখন দ্বিতীয় পর্যায়ে দেশে আরও ৫৪৪ টি রেল স্টেশন কে অমৃত ভারত রেল স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রেল স্টেশন রয়েছে ।ত্রিপুরায় এই প্রকল্পের আওতায় আগরতলা রেলস্টেশনটিকে নির্বাচিত করা হয়েছে। এর জন্য ব্যয় হবে ৪৮ কোটি টাকা।
তিনি জানান ,এর আগে আগরতলা রেলস্টেশনকে বিশ্বমানের রেল স্টেশনে পরিণত করতে ২৬০ কোটি টাকা বরাদ্ধ করা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই সবগুলি উদ্যোগ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক গৃহীত এক্ট ইস্ট পলিসির মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার সহ এন এফ রেলওয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
নাগের জলায় অত্যাধুনিক বাস স্ট্যান্ড হস্তান্তর
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় করে নাগের জলায় গড়ে উঠেছে অত্যাধুনিক বাসস্ট্যান্ড। সম্পূর্ণ কাজ শেষ হতেই হস্তান্তর করা হয়েছে টি আর টি সি কর্তৃপক্ষের হাতে। এখন থেকে নাগের-জলা বাস স্ট্যান্ড সম্পূর্ণ পরিচালনা করার দায়িত্বে থাকবে টিআরটিসি কর্তৃপক্ষের হাতে। সোমবার টি আর টিসির কাছে বাসস্ট্যান্ডের দায়িত্ব হস্তান্তর করেছেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী , উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক এবং মার্কফেডের ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা।
এদিন বাসস্ট্যান্ডের হস্তান্তর প্রক্রিয়া শেষে চেয়ারম্যান বলাই গোস্বামী জানান প্রাথমিক অবস্থায় দায়িত্ব টিআরটিসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলেও যদি পরিচালনায় কোন ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাহলে অন্যান্য কোন সোসাইটির উপর দায়িত্ব তুলে দেওয়া হবে। অত্যাধুনিক এই বাসস্ট্যান্ডে শিশুদের দুধ খাওয়ানো থেকে শুরু করে ক্যান্টিন সহ অন্যান্য পরিষেবা প্রদান করা হবে।
পয়লা মার্চ থেকে বসছে বিধানসভা অধিবেশন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনুষ্ঠিত হলো রাজ্য বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। আগামী পয়লা মার্চ থেকে বসছে রাজ্য বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে পেস করা হবে রাজ্য বাজেট। এই বাজেট অধিবেশনের আগেই নির্বাচনী দামামা বেজে গেছে। যার কারণে রাজ্য বিধানসভা চাইছে নির্বাচনের আগেই বাজেট পেশ করতে।
জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। পহেলা মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত এই বাজেট অধিবেশন চলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সর্বসম্মতিক্রমে।বিজনেস অ্যাডভাইজারি কমিটি চাইছে নির্বাচনের আগেই যাতে অধিবেশন শেষ করা যায়। যাতে করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক প্রচারে অংশগ্রহণ করতে পারে।
অধিবেশনের প্রথম দিনই থাকবে অতিরিক্ত ব্যয় বরাদ্দ , এর পরেই থাকবে অর্থমন্ত্রীর বাজেট ভাষণ। এবং প্রথম দিনেই ত্রিপুরা পাবলিক ডিমান্ড বিল নামে একটি বিল পেশ করা হবে। আগামী ২ এবং ৩ তারিখ বন্ধ থাকবে বিধানসভা অধিবেশন।
গাজা ও ফিলিস্তিনের যুদ্ধে সাংবাদিকদের মৃত্যুতে শোক প্রকাশ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাজা ও ফিলিস্তিনের যুদ্ধে কর্মরত প্রায় ১০০ এর উপর সাংবাদিক নিহত হয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে গর্জে উঠেছে আগরতলা প্রেসক্লাব। এদিন আগরতলা প্রেসক্লাবের সামনে নিরব প্রতিবাদ জানিয়েছে জার্নালিস্ট ইউনিয়ন।
আগরতলা প্রেসক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধ বিরতি ও শান্তি কামনা করেছে। প্রেসক্লাব নিহত সাংবাদিকদের পরিবার-পরিজনদের গভীর সমবেদনা জানানোর পাশাপাশি শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি নিহত সাংবাদিকদের আত্মার সদগতি কামনা করেছেন।











