Home Blog Page 535

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রমিলা বাহিনীর

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রমিলা বাহিনীর। শনিবারের মধ্যে পরিষেবা স্বাভাবিক করে না দিলে রাস্তা অবরোধের হুমকি দিলেন মহিলারা। কালবৈশাখী ঝড়ে ৪ দিন আগে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিশ্রামগঞ্জ পশ্চিম বড়জলা পালপাড়ায়। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো এলাকা। বিদ্যুত না থাকায় ব্যাঘাত ঘটছে পানীয় জল সরবরাহে।

লেখাপড়া করতে পারছেন না ছেলে-মেয়েরা। এই তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ছেন শিশু থেকে বয়স্করা। এই অবস্থায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার জন্য লোকজন বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের অফিসে বার কয়েক ফোন করলেও কোন সাড়া দিচ্ছেন না বিদ্যুৎ কর্মীরা বলে অভিযোগ।এতে ক্ষুব্ধ স্থানীয় লোকজন। শনিবার এই এলাকায় যান বিদ্যুৎ নিগমের কর্মীরা।

অভিযোগ তখনই ভুক্তভোগী পরিবার গুলির মহিলারা বিক্ষোভ দেখান।অভিযোগ বিদ্যুৎ কর্মীরা নাকি তাদের জানিয়েছেন আরও ৭ দিন সময় লাগবে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে মহিলাদের মধ্যে। তারা বিদ্যুৎ কর্মীদের মই রেখে দেন। দাবি জানান যতক্ষণ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হবে ততক্ষণ মই দেওয়া হবে না। প্রয়োজনে রাস্তা অবরোধ করবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন মহিলারা।

বাম-কংগ্রেসের জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে, দেশে আবারো মোদী সরকার গঠন হবে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশে এবার এক তরফা নির্বাচন হচ্ছে। বিরোধীদের কোন অস্তিস্ত্ব নেই। ইন্ডিয়া জোট গঠন হওয়ার আগেই তাসের ঘরের মতো ভেঙে গেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে অতীতে সমস্ত রেকর্ড ম্লান করে দিয়ে বিপুল ভোটে পশ্চিম আসনে জয়ী হবেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে একথা বললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

শুক্রবার সকালে সপরিবারে ভোট দান করতে যান মন্ত্রী রাজধানীর শিশু বিহার স্কুলে। ভোট দিয়ে বেরিয়ে এসে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, বিপ্লব কুমার দেব ইতিহাস তৈরি করে রেকর্ড ভোটে জয়ী হবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে। কারণ কংগ্রেস-সিপিএম এক মঞ্চে চলে আসাটা হল অশুভ জোট।

তিনি অভিযোগ করেন, এই জোটের কোন এজেন্ডা নেই। এই জোটের কাজ হচ্ছে রাজ্যের যে স্থিতিশীলতা,শান্তি- সম্প্রীতিকে বিনষ্ট করা এবং রাজ্যের উন্নয়নকে বাধা প্রদান করা। মন্ত্রী আরও বলেন, তিপ্রা মথা বিজেপি জোট লোকসভার দুটি আসনে জয়ী হবে। বাম-কংগ্রেসের জোটকে মানুষ প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, বিপ্লব কুমার দেবকে জয়ী করে দিল্লিতে পাঠানো হবে রাজ্যের উন্নয়নে তিনি কথা বলবেন।

মোদীজির নেতৃত্বে তৃতীয় বারের মতো যে সরকার গঠিত হবে তাতে বিপ্লব কুমার দেবকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যেতে পারে। এদিকে বিরোধীদের ভোট প্রহসনের অভিযোগ খণ্ডন করে তিনি দাবি করেন পরাজয়ের পর মুখ রক্ষার জন্য এখন থেকে ক্ষেত্র প্রস্তুত করছেন বিরোধীরা।

 

 

ভোটের আগের দিন রাতে অগ্নিকাণ্ডের ঘটনা রামনগরে 

0
oplus_2

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোটের আগের দিন রাতে রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে পুড়ে গেল প্রায় ১০-১২ টি দোকান। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মাঝরাতে রাজধানীর দুর্গা চৌমুহনী সংলগ্ন রামনগর ৯ নম্বর রোডে। জানা গেছে স্থানীয় নাকা পয়েন্টে ডিউটিতে ছিলেন পুলিস কর্মীরা। আচমকা তারা একটি দোকানের ভিতরে আগুন দেখতে পান।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। এরই মাঝে একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখায়। ঘটনাস্থলে ছুটে আসে কয়েকটি দমকলের ইঞ্জিন। সকলের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। ঘটনাস্থলে ছুটে যায় পুলিস আধিকারিকরা।

আগুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। ভোটের আগের দিন রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে আগুন লেগেছে এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে নাশকতা নাকি শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড? অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

 

মডেল পোলিং স্টেশন ঘুরে দেখলেন রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র ও রামনগর বিধানসভার উপভোট শুক্রবার। পশ্চিম জেলায় মডেল পোলিং স্টেশন রয়েছে ২৮ টি। এগুলিতে ভোটারদের জন্য পানীয় জল, বসার জায়গা, শেডের ব্যবস্থা করা হয়েছে।

কিছু মডেল পোলিং স্টেশন সাজিয়ে তোলা হবে বেলুন-ফুল দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো। যাতে করে ভোটারদের কাছে এসব ভোট কেন্দ্র আকর্ষণীয় হয়ে উঠে এবং ভোটাররা বেশি করে ভোটদান করেন।

বৃহস্পতিবার বিকেলে পশ্চিম ত্রিপুরার রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার ঘুরে দেখেন শহরের কয়েকটি মডেল পোলিং স্টেশন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পাশাপাশি রিটার্নিং অফিসার জানান, মহিলা পরিচালিত ভোট কেন্দ্র রয়েছে ৫৮ টি। নিরাপত্তা কর্মী মহিলা থাকবেন।

 

 

দুর্গা নগরে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান ক্ষতিগ্রস্ত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অল্পেতে বড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল খোয়াইয়ের দুর্গানগর এলাকা। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে আচমকা স্থানীয় এক মোদীর দোকানে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। শুরু হয় দৌড়ঝাঁপ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা।

তাদের চেষ্টায় আগুন আয়ত্বে এলেও সম্পূর্ণ পুড়ে গেছে একটি মুদির দোকান। ব্যাপক ক্ষতি হয়েছে দোকানির। অল্পেতে রক্ষা পেয়েছে আশপাশ এলাকার বাড়িঘর। প্রাথমিক ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

স্বামীর সামনে বাসের চাক্কায় পিষ্ট স্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথের বলি এক মহিলা। মৃতের নাম নমিতা শীল। বয়স আনুমানিক ৬৩ বছর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে বিলোনিয়া শ্রীনগর রাস্তার নলুয়া বাজারে। জানা যায় নলুয়া বাজারে গাড়ি থেকে নামতে যাচ্ছিলেন মহিলা। অভিযোগ গাড়ি থেকে নামার আগেই হঠাৎ চালক গাড়ি চালানো শুরু করে দেন। তখনই নমিতা শীল রাস্তায় পড়ে গিয়ে গাড়ির পিছনে চাকায় পৃষ্ট হয়ে মাথা থেঁতলে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় নমিতা শীলের। তার স্বামীও একই গাড়িতে ছিলেন। স্বামীর সামনেই ঘটে ঘটনা। এই খবর মহিলার বাসস্থান বিলোনিয়া সাতমুড়া এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্ত শেষে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজনরা। এরপর নমিতা শিলে র মৃতদেহ নিয়ে যাওয়া হয় সাতমুরা এলাকায়।

 

 

নাশকতার আগুনে পুড়ল এক ব্যক্তির স্কুটি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতেরবেলা নাশকতার আগুনে পুড়ল এক ব্যক্তির স্কুটি। ঘটনায় রাজধানীর বনকুমারী সাহা পাড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাহা পাড়া এলাকার বাসিন্দা অশোক সাহা প্রতিদিনের মতো বুধবার রাতেও নিজ বাড়িতে স্কুটি রেখে ঘুমিয়ে পড়েন। আচমকা রাতের বেলা ঘরের মধ্যে কালো ধোঁয়া দেখে ঘুম থেকে উঠেন।

দেখতে পায় স্কুটিতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে বাড়ির অন্য লোকজন ঘুম থেকে উঠেন। তারা জল দিয়ে আগুন নেভান। স্কুটির মালিকের অভিযোগ রাতের বেলা দুষ্কৃতকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। তবে কেন এই ঘটনা তা তিনি বুঝে উঠতে পারছেন না। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গায়, ক্ষতিগ্রস্তরা চাইছেন সরকারি সাহায্য

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি বিশালগড় মহকুমার বিভিন্ন জায়গায়। ঝড়-বৃষ্টিতে ভেঙে গেছে মানুষের বসত ঘর, দোকানের টিনের ছাউনি, ভেঙে গেছে গাছ, বিদ্যুতের পরিবাহী তার। অসহায় পরিবারের লোকজন চাইছেন সরকারি সাহায্য। বৃহস্পতিবার ভোর রাতে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়। সঙ্গে ছিল বারিধারা। ঝড়ে ক্ষতি হয়েছে ব্যাপক সিপাহীজলা জেলাশাসক অফিস সংলগ্ন ওরিয়েন ইংলিশ মিডিয়াম স্কুলের।

ঝড়ে একেবারে ভুপাতিত হয়ে যায় স্কুলের প্রায় সব ঘর। স্কুলের এক শিক্ষক জানান বৃষ্টিতে নষ্ট হয়েছে বই-খাতা সহ বিভিন্ন সরঞ্জাম। কিভাবে স্কুলকে ফের দাঁড় করানো হবে তা ভেবে পাচ্ছেন না স্কুলের শিক্ষকরা। তবে তারা জানান এই ঘটনা দিনে স্কুল চলাকালীন হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারতো। ঝড়ে ক্ষতি হয়েছে ছেচরিমাই বড়জলা নবোদয় সংঘ পাল পাড়া অঙ্গনওয়াড়ী সেন্টারের শৌচালয়-র।

ভেঙে গেছে গাছপালা, বিদ্যুতের তার। শুধু তাই নয়, কালবৈশাখী ঝড়ে বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি ঘরের টিনের ছাউনি, দোকান ঘর ভেঙ্গেছে।বিশ্রামগঞ্জের বড়জলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গোপাল দেবনাথের বসত ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। অসুস্থ গোপাল বাবুর স্ত্রী বুঝে উঠতে পারছেন না কিভাবে ঘর সারাই করবেন।গাছ ভেঙে পড়ে বিশ্রামগঞ্জ-বড়জলা সড়কে গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটে। ক্ষতিগ্রস্তরা সকলেই চাইছেন সরকারি সাহায্য। এখন দেখার প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় কিনা?

 

প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সমাপ্ত হল পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবার এসো মা। ষষ্ঠী থেকে নবমী চার দিন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কাটিয়ে বিজয়া দশমীর দিনে ভারাক্রান্ত ধর্মপ্রাণ মানুষজন৷ বৃহস্পতিবার দুর্গা বাড়িতে যাবতীয় নিয়ম মেনে মায়ের দশমী পূজা হয়৷ এদিন সকালে রাজধানীর দুর্গাবাড়ি মন্দিরে দশমী পূজা হয়৷ দশমী পূজার সকাল থেকেই ধর্মপ্রাণ মানুষের মন ভারাক্রান্ত৷

কেননা চারদিন মায়ের পুজো করে আনন্দে উল্লাসে কাটিয়েছেন সকলে৷ এদিন উমা ফিরে যাচ্ছেন ৷ ধর্মীয় রীতিনীতি মেনে সকালে দুর্গা বাড়িতে দশমী পূজা হয়৷বিসর্জন দেওয়া হয় দর্পণ। এদিন দুর্গা বাড়িতে পূজা দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যবাসির মঙ্গল কামনা করেন। তিনি বলেন মায়ের কাছে প্রার্থনা করেছেন ত্রিপুরার জাতি- জনজাতি সকলে যাতে সুস্থ থাকেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার যে সংকল্প এতে সবাই সক্রিয় ভূমিকা পালন করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রার্থনা মায়ের কাছে করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় দশমী যাত্রা৷ দেওয়া হয় নিয়ম মেনেই রাষ্ট্রীয় সেলামি।  মায়ের প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে মন্দির থেকে বের করা হয়৷ সেখান থেকে নিয়ে যাওয়া হয় দশমি ঘাটে৷ আগামীর আহ্বান জানিয়ে প্রতিমা নিরঞ্জন এর মধ্য দিয়ে সমাপ্ত হল পাঁচ দিন ব্যাপী বাসন্তী পূজা৷ এদিকে বাসন্তী পূজার দশমীতেও বিভিন্ন জায়গায় মণ্ডপে মাকে বিদায় জানানোর পাশাপাশি বরণ করে নেন।

বাসন্তী পূজার দশমী পুজা শেষে মণ্ডপে মণ্ডপে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেন। এদিকে এদিন সকাল থেকে হাওয়া নদীর দশমীঘাটে শুরু হয়ে যায় প্রতিমা বিসর্জন। আনন্দের মাঝে সকলের মধ্যে বিষাদ। আবারো প্রতীক্ষা।

ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিলেন ভোট কর্মীরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে পৌঁছে গেছেন ভোট কর্মীরা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নেওয়া হবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোট। ভোট গ্রহণ কেন্দ্রগুলির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সহযোগিতা করবেন টি এস আর -রাজ্য পুলিশ।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ১৬৮২ টি। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। প্রায় ৫০ টিরও বেশি ভোট গ্রহণ কেন্দ্রে দায়িত্বে থাকবেন মহিলা ভোট কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ,কেন্দ্রীয় বাহিনী, ভোট কর্মীরা ভিড় করেন রাজধানীর উমাকান্ত একাডেমী প্রাঙ্গণে। মূলত আট টি বিধানসভা এলাকার ভোট কর্মীরা এদিন উমাকান্ত মাঠে জড়ো হন।

সেখানে ভোট কর্মীরা ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে স্ব-স্ব কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী থাকবেন ৭ জন করে। আর নিরাপত্তা বাহিনীর জওয়ান থাকবেন ৪ জন করে। এদিন সমস্ত কিছু খতিয়ে দেখতে উমাকান্ত স্কুলে যান পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার । তিনি জানান ভোট কেন্দ্র গুলির দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা।

এছাড়াও আইন- শৃঙ্খলা রক্ষায় থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সহযোগিতায় থাকবেন টি এস আর ত্রিপুরা পুলিস। রিটার্নিং অফিসার জানান প্রায় ১৫ হাজারের বেশি নিরাপত্তা কর্মী- ভোট কর্মী ভোটের কাজে নিয়োজিত থাকবেন।