জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্ম নয়, ভালো কাজের মাধ্যমেই একজন মানুষের পরিচয় গড়ে ওঠে—এই বার্তা দিয়েই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও সহায়তা প্রদান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সব সম্প্রদায়ের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শক্তিশালী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, উন্নয়নের পথে সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও সহযোগিতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন মুখ্যমন্ত্রী “মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প–২০২৫”-এর শুভ সূচনা করেন। পাশাপাশি সংখ্যালঘু কল্যাণ বিভাগের বিভিন্ন উদ্যোগের আওতায় ১১ জন উপভোক্তার হাতে প্রায় ৯ লক্ষ টাকার চেক তুলে দেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ কর্মসূচির মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী শিল্প ও দক্ষতাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করার প্রচেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় । তিনি বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রাজ্যের প্রায় ১,৫০০টি ধর্মীয় সংখ্যালঘু পরিবার উপকৃত হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক ভগবান দাস, ত্রিপুরা মাইনরিটি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান জসিম উদ্দীনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।













