জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলার মানুষের সমর্থনেই এই জয় সম্ভব হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচেষ্টা ও সুপরিকল্পিত কৌশলকে এই সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, দলের সর্বস্তরের সমন্বয় ও কর্মীদের আত্মত্যাগই বিজেপিকে জয়ের পথে এগিয়ে দিয়েছে। তিনি বলেন, বহু কর্মী প্রাণ হারিয়েছেন, তবুও অন্যরা দলীয় পতাকা ছেড়ে দেননি—তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে সুকান্ত মজুমদার বলেন, পরাজয়কে মর্যাদার সঙ্গে মেনে নেওয়া উচিত। সিসিটিভি বিকৃতি বা সংঘর্ষের অভিযোগ তোলার পরিবর্তে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। তাঁর বক্তব্য, প্রায় ২০ শতাংশ হিন্দু ভোট বেড়েছে এবং মানুষ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলারও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, যারা জনমতকে অস্বীকার করে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল নয়।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ ও কেরলে একই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছে। কেরলে ফলাফল নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও বাংলায় তা নিয়ে বিতর্ক তৈরি হওয়া নিয়ে তিনি কটাক্ষ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তেমন গুরুত্ব না দিয়েই তিনি বলেন, সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীই অগ্রাধিকারের বিষয় নির্ধারণ করবেন। তবে দলীয় কর্মী হিসেবে তাঁর মতে, জাতীয় স্বার্থই বিজেপির সর্বোচ্চ অগ্রাধিকার।
নির্বাচনের পর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যা দল সমর্থন করে না এবং তিনি এর তীব্র নিন্দা করেন। তিনি দলীয় কর্মীদের সতর্ক করে বলেন, তৃণমূলের মতো আচরণ করা যাবে না। তৃণমূলের পার্টি অফিস দখল বা অগ্নিসংযোগের মতো কাজে জড়িত না হতে নির্দেশ দেন তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে পুলিশ ব্যবস্থা নেবে এবং দল কোনও সহায়তা করবে না বলেও স্পষ্ট করেন। পাশাপাশি রাজ্যে ভয়ের পরিবেশ দূর করার ওপর জোর দেন তিনি।