জনতার কলম ওয়েবডেস্ক :- মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ।
মিডিয়াকে দেওয়া বক্তব্যে রবিশঙ্কর প্রসাদ বলেন, লোকসভা বা বিধানসভায় আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) ছাড়া কোনওভাবেই আসনের সংখ্যা পরিবর্তন সম্ভব নয়। তিনি জানান, জনগণনা (সেন্সাস) সম্পন্ন করতে সময় লাগে, তাই সর্বশেষ প্রকাশিত জনগণনার ভিত্তিতেই ডিলিমিটেশন করা যেতে পারে বলে আগে থেকেই উল্লেখ করা হয়েছিল।
অন্যদিকে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, কংগ্রেস দেশের মহিলাদের আশা-আকাঙ্ক্ষা নষ্ট করেছে। ইরানি বলেন, এনডিএ সরকারের আমলে প্রথম জেন্ডার বাজেট কাঠামো চালু হয়েছিল। পাশাপাশি তিনি দাবি করেন, কংগ্রেস শাসনকালে ২৫ কোটি নারী ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন এবং ১১ কোটি নারী শৌচালয়ের সুবিধা পাননি।
এর আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা বলেন, মহিলা সংরক্ষণ বিলের পরাজয় একটি গুরুত্বপূর্ণ জয়। তিনি দাবি করেন, কেন্দ্র সরকারের ফেডারেল কাঠামো পরিবর্তন ও গণতন্ত্র দুর্বল করার প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, ২০২৩ সালে সর্বসম্মতিক্রমে পাশ হওয়া বিলটি পুনরায় ফিরিয়ে এনে দ্রুত কার্যকর করা উচিত।
তিনি অভিযোগ করেন, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণকে ব্যবহার করে বিজেপি নিজেদের সুবিধামতো নির্বাচনী কেন্দ্র পুনর্গঠন করতে চেয়েছিল।
You must be logged in to post a comment Login