Connect with us

রাজনৈতিক

‘ভোটের জন্যই মুসলিমদের ব্যবহার’—মমতাকে কটাক্ষ ওয়াইসির

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :-পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভা কেন্দ্রে এক জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বিজেপির সঙ্গে সম্পর্ক রেখেছিলেন এবং এখন মুসলিম ভোট পাওয়ার জন্য ভিন্ন অবস্থান নিচ্ছেন।

ওয়াইসি বলেন, ২০০৩ সালে বিজেপির সমর্থন পাওয়ার সময় গুজরাট দাঙ্গায় বহু মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী ভূমিকা নিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইশরাত জাহান, বিলকিস বানো এবং জাকিয়া জাফরির মতো ঘটনার প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, এইসব ঘটনায় মুসলিমদের পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সকল নেতার।

মুসলিম সংখ্যালঘুদের প্রতি পশ্চিমবঙ্গে অবিচার হয়েছে বলেও অভিযোগ করেন ওয়াইসি। তিনি বলেন, বিগত দিনে প্রায় ৪০ হাজার মুসলিমকে নোটিস দিয়ে দেশছাড়া করার ঘটনা ঘটেছিল—এমন উদাহরণ তুলে ধরে তিনি বর্তমান রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার প্রশ্নও তোলেন।

অর্থনৈতিক বিষয়েও তিনি একাধিক প্রতিশ্রুতি দেন। বিড়ি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি চালু করার কথা বলেন এবং উল্লেখ করেন, গত বছর কলকাতা হাইকোর্ট প্রায় ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, যার মধ্যে প্রায় ৩.৫ লক্ষ মুসলিম সম্প্রদায়ের। উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন মূলত কলকাতা কেন্দ্রিক, মুর্শিদাবাদের মতো জেলাগুলি বঞ্চিত।

মুর্শিদাবাদের ন্যায়বিচারের দাবিতে কলকাতায় ‘চক্কা জ্যাম’ কর্মসূচির ঘোষণা দেন ওয়াইসি। তিনি আরও বলেন, মুসলিম স্বার্থের সঙ্গে আপস করা হলে তাঁর দল তা মেনে নেবে না।

বিজেপি ও তৃণমূল—দুই দলকেই একসঙ্গে আক্রমণ করে ওয়াইসি বলেন, “মোদি ও মমতা একই মুদ্রার দুই পিঠ।” তাঁর দাবি, বিজেপিকে রুখতে হলে মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি, তবে তৃণমূলও শুধুমাত্র ভোটের জন্য মুসলিমদের ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ তোলেন। এই জনসভায় ওয়াইসির বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply