জনতার কলম ওয়েবডেস্ক :-ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই আইআরজিসির এক শীর্ষ জেনারেলের মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানি নেতৃত্বের বিরুদ্ধে “হত্যা ও অপরাধ” দেশের অগ্রগতি থামাতে পারবে না। সোমবার তেহরানে ইসরায়েলের বিমান হামলায় ওই জ্যেষ্ঠ জেনারেল নিহত হন।
সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এক লিখিত বিবৃতিতে খামেনেই আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মাজিদ খাদেমির দীর্ঘদিনের নীরব অবদানের প্রশংসা করেন। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন, ধারাবাহিক ব্যর্থতার পর তারা “সন্ত্রাস ও হত্যার” পথ বেছে নিচ্ছে।
খামেনেই খাদেমির পরিবার, সহকর্মী এবং আইআরজিসির অন্যান্য কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, খাদেমি আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি আইআরজিসির গোয়েন্দা নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। ওই হামলায় তথ্যপ্রযুক্তি কেন্দ্রের ভবন এবং শিক্ষাকেন্দ্রের মসজিদের পাশের একটি গ্যাস স্টেশন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলের পেট্রোকেমিক্যাল শিল্প, জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং কুয়েতে মার্কিন সামরিক সরঞ্জাম ডিপো, স্যাটেলাইট যোগাযোগ ইউনিট ও একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানসহ ইরানের একাধিক শহরে যৌথ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

