Uncategorized
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ ৯ দফা দাবি, রাজ্যজুড়ে কংগ্রেসের মিছিল ও জেলা শাসকদের ডেপুটেশন
জনতার কলম আগরতলা প্রতিনিধি :- শ্রম কোড বাতিল এবং দ্রব্যমূল্য বৃদ্ধি রোধসহ মোট ৯ দফা দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যজুড়ে আন্দোলনে নামল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেস। রাজধানী আগরতলা সহ রাজ্যের আটটি জেলার জেলা শাসকদের মাধ্যমে মুখ্য সচিবের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয়। এই উপলক্ষে রাজধানীতে একটি বিশাল মিছিলও সংগঠিত করা হয়।
কংগ্রেসের নেতৃত্ব জানান, স্বাধীনতার পর শ্রমিকদের সুরক্ষার জন্য যে ২৯টি শ্রম আইন চালু ছিল, কেন্দ্রের বর্তমান সরকার সেগুলো বিলুপ্ত করে চারটি নতুন শ্রম কোড কার্যকর করেছে। গত ২১ নভেম্বর থেকে সারা দেশে এই শ্রম কোড কার্যকর হওয়ার পরই এর বিরুদ্ধে তীব্র বিরোধিতা শুরু হয়েছে। তাঁদের দাবি, দেশের প্রায় ৯০ শতাংশ শ্রমজীবী মানুষই এই নতুন কোডের আওতার বাইরে থেকে গেছেন, ফলে শ্রমিক, কৃষক, অসংগঠিত কর্মী থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
রাজধানীর মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসকের দফতরের সামনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল জেলা শাসকের হাতে ৯ দফা দাবিসহ স্মারকলিপি তুলে দেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কিষান ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের নেতৃত্ব, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রবীর চক্রবর্তী জানান, নতুন শ্রম কোড শুধু শ্রমিকদের অধিকার খর্ব করছে না, বরং কৃষক, বেকার, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণির মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এমনকি সাংবাদিকদের অধিকারও সংকুচিত হবে বলে তাঁর আশঙ্কা। তাই শ্রম কোড প্রত্যাহার এবং ৯ দফা দাবির সমর্থনে রাজ্যজুড়ে একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার ত্রিপুরার আটটি জেলাতেই একই ধরনের মিছিল ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
