Home Blog Page 502

রুদ্রসাগরে কচুরিপানা সংক্রান্ত সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন আধিকারিক দের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত কয়েক দিন ধরে রুদ্রসাগরে কচুরিপানা জমে থাকার করণে ‘নীরমহল’ পরিদর্শনে পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। রুদ্রসাগরের অধিকাংশই ঢেকে দিয়েছে কচুরিপানা। ফলে কোনওভাবেই নামানো যাচ্ছে না নৌকা, মোটরবোট। ‘নীরমহল’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে এখানকার ব্যবসায়ী-মৎস্যজীবী, এমনকী স্থানীয়দের রুটিরুজি।

এই সমস্যা থেকে উত্তরণের জন্য এবং এর একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করার জন্য মঙ্গলবার দুপুরে নীরমহলের রাজঘাটে ‘রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতি’ এর কনফারেন্স হলঘরে পর্যটন দপ্তর/বন দপ্তর/মৎস্য দপ্তর/স্থানীয় মহকুমা প্রশাসন/মেলাঘর পুর পরিষদ/রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মেলাঘর রুদ্রসাগরের কচুরিপানা সরিয়ে পুনরায় নীরমহল কে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করতেই আজ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন যেহেতু দেশে নির্বাচন আচরণবিধি লাগু রয়েছে তাই উন্নয়নমূলক কাজ এখন করা হচ্ছে না, তারপরেও তিনি আজ রুদ্রসাগর পরিদর্শন করেন এবং দ্রুত যেন রুদ্রসাগরের উপর ভাসমান কচুরিপনা সরানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান।

তিনি জানান জি২০ সম্মেলনের সময় কচুরিপানা সরানোর ব্যবস্থা করা হয়েছিল তারপর এবছর একটু বেশি পরিমাণ কচুরিপানা ছেয়ে গেছে সমগ্র রুদ্রসাগরে তাই তিনি দ্রুত যেন এই রুদ্রসাগর থেকে কচুরিপানা গুলি সরানো যায় তার ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। যার জন্য অর্থ ব্যয় করবে পর্যটন দপ্তর।

এদিন রুদ্রসাগরে অনুষ্ঠিত হওয়া প্রশাসনিক বৈঠকে মন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষপাল রায়, মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক রণেন দেবরায়, রুদ্রসাগর উদ্বাস্তু সমবায় সমিতির সভাপতি সম্পাদকসহ বনদপ্তরের মহকুমা বন অধিকারীক কমল ভৌমিক ।

বৈঠক শেষে রুদ্রসাগরে কচুরিপানা নিয়ে উদ্ভূত সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি সেখানে উপস্থিত আধিকারিকদের কচুরিপানা সংক্রান্ত উদ্ভুত সমস্যা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন।

 

 

রাজ্যের শিক্ষা,স্বাস্থ্য,আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে : পলাশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের শিক্ষা,স্বাস্থ্য,আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অভিযোগ এনে ঘোষণা দিয়ে তিনদিনের আন্দোলনে নেমেছে চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার প্রথম দিন আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে চার সংগঠন। এদিন বিকেলে মেলারমাঠ ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয় ছাত্র-যুবদের স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে। কর্মসূচীতে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, কুমুদ দেববর্মা, কৌশিক রায় দেববর্মা, ছাত্র নেতা সুলেমান আলি, সন্দীপন দেব, সুজিত ত্রিপুরা, নেতাজী দেববর্মা সহ অন্যরা।

এদিন পলাশ ভৌমিক বলেন, জনজীবনের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ছাত্র-যুবরা রাস্তায় নেমেছে। বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সংকট, শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। বিদ্যাজ্যোতির ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষানুরাগি মহল উদ্বিগ্ন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি সহ অন্য হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না। চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীর সংকট। তাঁর অভিযোগ চুরি- ডাকাতি ছিনতাই ভয়ঙ্কর ভাবে বেড়েছে রাজ্যে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে বেনুবন বৌদ্ধ বিহারকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বৌদ্ধ জয়ন্তী উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজধানীর বুদ্ধ মন্দির বেনুবন বিহারে। বুদ্ধ ধর্মাবলম্বির লোকজন এতে অংশ নেন। এবছর ২৫৬৮ তম বুদ্ধ জয়ন্তী উদযাপন হবে আগরতলা বুদ্ধ মন্দির সংলগ্ন বেনুবন বৌদ্ধ বিহারে। দুইদিন ব্যাপী হবে অনুষ্ঠান।

চলতি মাসের ২২ ও ২৩ তারিখ অনুষ্ঠান হবে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে। এছাড়াও অভয়নগর দায়ক-দায়িকা প্রাচ্য বিদ্যা বিহারে বৌদ্ধ জয়ন্তী পালন করা হবে। সেখানেও হবে দুই দিনের অনুষ্ঠান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে বেনুবন বৌদ্ধ বিহারকে। বুদ্ধ জয়ন্তীতে এবছর সামাজিক কর্মসূচীও হাতে নেওয়া হয়েছে।

প্রথম দিন সকালে আগরতলা আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে। বিকালে কচিকাঁচাদের নিয়ে হবে বসে আঁকো প্রতিযোগিতা। দ্বিতীয় দিন সকালে হবে প্রভাত ফেরী। দ্বিতীয় দিনের বিকেলের অনুষ্ঠানে থাকবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

 

 

CAA-এর বিরোধিতা করে মুখ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর বিরোধিতা করলো প্রদেশ কংগ্রেস। সোমবারই সাংবাদিক সম্মেলনে এই আইন রাজ্যে যাতে লাগু না হয় সেই দাবি জানিয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। রাজ্যজুড়ে তারা আন্দোলনেও নামবে বলে সাফ জানিয়ে দেয়। সিএএর বিরোধিতা করে পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার মুখ্য সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস।

এদিন সংগঠনের তরফে এক প্রতিনিধি মহাকরণে মুখ্য সচিবের সঙ্গে দেখা করে দাবি সনদ পেশ করেন। তাদের অভিযোগ ত্রিপুরায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হলে সংখ্যালঘু হয়ে যাবে আদিবাসীরা। এদিন ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ অন্যরা।

শব্দ কুমার জমাতিয়া বলেন, সিএএ লাগু করার জন্য ত্রিপুরায় কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদ জানায় আদিবাসী কংগ্রেস। রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য অসুবিধা হয়ে দাঁড়াবে নাগরিকত্ব সংশোধনী আইন। তাই এর বিরোধিতা বলে জানান আদিবাসী কংগ্রেসের চেয়ারম্যান।

 

 

ফের আগরতলা রেল স্টেশনে আটক দুই বাংলাদেশী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে দালালের মাধ্যমে ত্রিপুরায় ঢুকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময় প্রায় প্রতিদিন বাংলাদেশী নাগরিক ধরা পড়ছে। একই সঙ্গে আটক করা হচ্ছে পাচারকারিদের। সোমবার ফের দুইজনকে আগরতলা রেল স্টেশনে আটক করে জিআরপি ও আরপিএফ।

গোপন খবরের ভিত্তিতে রেল স্টেশনের বিভিন্ন গেটে বসে থাকে জিআরপি ও আরপিএফ। তখনই দুই যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশী ও একজন ভারতীয় বলে স্বীকার করে।

বাংলাদেশী নাগরিকের নাম করিম উল্লা ও ভারতীয় নাগরিকের নাম খুরশিদ আলম। তাঁর বাড়ি উত্তর দিল্লিতে। আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস জানান, ধৃতরা অনেকদিন আগেই এসেছে। তেজস রাজধানী এক্সপ্রেসে দুইজন দিল্লিতে যাওয়ার কথা ছিল।

পুলিশ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানিয়ে। এদিকে আরেকটি পাচারের ঘটনায় পুলিশ সোমবার রহিমপুর এলাকা থেকে একজনকে আটক করেছে। ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

 

 

রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে ক্রমাগত : কিরণ গিত্যে

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুব সমাজকে রক্তদানে বেশি করে এগিয়ে আসার আহ্বান স্বাস্থ্য দপ্তরের সচিবের। মঙ্গলবার এক রক্তদান শিবিরে সচিব বলেন,রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে। যেকোন ধরনের অস্ত্রোপচার করতে গেলে রক্তের প্রয়োজন। তাই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে চলতি বছর পরিকল্পনা করে রক্তের চাহিদা মেটানোর জন্য।

এদিন আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালের তরফে হয় রক্তদান শিবির। এদিন জিবির ব্লাড ব্যাঙ্কে হয় শিবিরটি। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জীব দেববর্মা, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার শঙ্কর চক্রবর্তী, ডাঃ কনক চৌধুরী সহ অন্যরা।

স্বাস্থ্য সচিব এদিন বলেন, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে ক্রমাগত। আধুনিক যন্ত্রপাতি, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী দেওয়া হচ্ছে। বর্তমানে রাজ্যের ব্লাডব্যাংক গুলিতে রক্তের সংকট। আর এই সংকট নিরসনে মুখ্যমন্ত্রীর আহ্বানে বিভিন্ন জায়গায় চলছে রক্তদান শিবির। এদিন শিবিরে চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীরা রক্ত দেন।

 

 

ভারতে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রবেশ ঘটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে : আশীষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতে প্রযুক্তি ও বিজ্ঞানের প্রবেশ ঘটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু ,যুবদের ১৮ বছরে ভোটাধিকারের অধিকার অর্পণ করেছেন রাজীব গান্ধী। বর্তমান কেন্দ্রের সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবজির প্রদর্শিত পথ থেকে ওরা বিচ্যুতি হয়েছে।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীতে একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। ১৯৯১ সালের ২১ মে প্রয়াত হন রাজীব গান্ধী। প্রতিবছর তাঁর জন্মদিন যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালন করে প্রদেশ কংগ্রেস। এবছর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় রাজ্যের বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার সকালে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। প্রথমে জাতীয়, দলীয় সহ বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্ব। এর পরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, বিধায়ক গোপাল রায়, বীরজিত সিনহা, সুদীপ রায় বর্মণ,প্রাক্তন সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, মহিলা কংগ্রেস-যুব কংগ্রেসের সভাপতি শর্বাণী ঘোষ চক্রবর্তী, নীল কমল সাহা সহ অন্যরা। কংগ্রেস ভবনের সামনে থেকে তারা যান গান্ধী ঘাটে। সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন নেতা- কর্মীরা।

মে মাসেই প্রকাশিত হবে TBSE পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের মধ্যেই প্রকাশিত হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গনচৌধুরী।তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে ফলাফল।

এবছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় বসেছে ২৩ হাজারের সামান্য বেশি পরীক্ষার্থী। আর মাধ্যমিকে প্রায় ৩৩ হাজার পরীক্ষার্থী। তিনি জানান, ফলাফল প্রকাশের পরে বছর বাঁচাও পরীক্ষার সূচি ঘোষণা করা হবে। মে মাসের ৯ তারিখ উত্তর পত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফল প্রকাশের জন্য যেসব কাজ রয়েছে সেগুলি এখন চলছে।

রাজধানীতে ভাড়াবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাড়াবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম অরূপ কুমার দত্ত। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনা রাজধানীর রামনগরের দুই নম্বর রোডের শেষ প্রান্তে। জানা গেছে খোয়াইয়ের বাসিন্দা অরূপ দত্ত পরিবার নিয়ে সেখানে জহর লাল পালের বাড়িতে ভাড়া থাকেন। উনার স্ত্রী উদয়পুরে একটি স্কুলে চাকরি করেন। মেয়ে লেখাপড়া করে একটি বেসরকারি স্কুলে।

এদিন ভাড়াবাড়ির নির্মীয়মাণ ভবনের লিফটের জায়গায় মঙ্গলবার সকালে অরূপ দত্তের ঝুলন্ত মৃতদেহ প্রথমে দেখতে পান স্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি বাড়ির মালিককে জানান। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসেন। বাড়ির মালিক জানান, সাত- আট মাস আগে উনার বাড়িতে ভাড়া এসেছেন তারা।

অরূপ কুমার দত্ত একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। প্রাইভেট টিউশনিও করতেন। কাজটি চলে যাওয়ার পরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিকে পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। তবে কিভাবে মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

 

 

দোকান খুলে সিগারেট না দেওয়াতে দোকানিকে আক্রমণ করলো এলাকারই এক ব্যক্তি, 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দোকান থেকে সিগারেট চেয়ে না পেয়ে দোকানিকে আক্রমণ করলো এলাকারই এক ব্যক্তি। আহত দোকানি রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটে আগরতলা প্রতাপগড় বাজার এলাকায়।

সুখেন দাস ও তাঁর স্ত্রী চা বিক্রি করে সংসার চালাতেন। উনাদের দুই মেয়ে রয়েছে। একজন দ্বাদশ পড়ুয়া অন্যজন ষষ্ঠ শ্রেণীতে। প্রতাপগড়ের বাসিন্দা সুখেন দাস বাজারে চা বিক্রি করতেন। উনার স্ত্রীও জিবি হাসপাতাল এলাকায় চা বিক্রি করেন। জানা গেছে চলতি মাসের ১৬ তারিখ এলাকারই দীপঙ্কর সরকার নামে এক বখাটে চা- খেয়ে টাকা না দিয়ে চলে আসে।

পরের দিন এই ব্যক্তি ফের দোকানে যান। তখন সুখেন দাস দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন।তখনই অভিযুক্ত সিগারেট চায়। কিন্তু অসুস্থ সুখেন দাস দোকান বন্ধ থাকায় দিতে অক্ষমতা প্রকাশ করেন। অভিযোগ তখনই দোকানির বুকে সজোরে ধাক্কা দেয় দীপঙ্কর। অভিযোগ ১৮ মে অভিযুক্ত দীপঙ্কর ফের সেখানে গিয়ে ইট দিয়ে দোকানির মাথায় আঘাত করে।

এতে আঘাত পান সুখেন দাস।আহত সুখেন দাসকে জিবিতে নেওয়া হয়।কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার মারা যায় বিকেলে। মঙ্গলবার ময়না তদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে আক্রান্ত ব্যক্তির পরিবারের তরফে পূর্ব থানায় মামলা করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।দুই মেয়েকে নিয়ে এখন কিভাবে চলবেন ভেবে পাচ্ছেন না সুখেন দাসের স্ত্রী।