জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পাহাড় ও সমতলের সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হলো আগরতলা প্রেসক্লাব। শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল পুলিশ সদর দপ্তরে গিয়ে পুলিশ মহা-নির্দেশক (ডিজি) অনুরাগের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি চিত্রা রায়, যুগ্ম সম্পাদক কমল চৌধুরী ও অভিষেক দে, এবং কার্যকরী সদস্য অভিষেক দেববর্মা। পুলিশ সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে পুলিশের একাধিক শীর্ষ আধিকারিকও উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে, রাতের বেলায় কাজ করা চিত্র সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আগরতলা সহ বিভিন্ন মহকুমা শহরে পুলিশের টহল বৃদ্ধির দাবি জানানো হয়। পাশাপাশি প্রেস স্টিকারের অপব্যবহার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সব ঋতুতে ব্যবহারযোগ্য প্রেস জ্যাকেট সরবরাহের দাবিও উত্থাপন করা হয়।
এছাড়াও, সামাজিক মাধ্যমে ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে বিভ্রান্তিকর ও ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকার আহ্বান জানানো হয়। প্রেসক্লাবের পরিচালন কমিটির বৈঠক ও বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যাও এদিন খোলামেলা ভাবে ডিজির সামনে তুলে ধরা হয়।
ডেপুটেশন শেষে প্রণব সরকার জানান, পুলিশ মহা-নির্দেশক সাংবাদিকদের দাবিগুলির সঙ্গে সহমত প্রকাশ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।