রাজনৈতিক
এডিসি ভোটে ব্যাপক সাড়া, ট্রিপল ইঞ্জিন সরকার নিয়ে আশাবাদ রাজীবের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিটিএএডিসি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির প্রেক্ষিতে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গঠনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রবিবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় এবং দলের নেতৃবৃন্দ সুনীত সরকার, উত্তরা দেববর্মা ও হিমানী দেববর্মা।
রাজীব ভট্টাচার্য জানান, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যেই ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ১০টি কেন্দ্রে কিছুটা সময় বেশি ধরে ভোট চলে। তিনি বলেন, মোট ভোটার উপস্থিতি প্রায় ৮১ শতাংশ, যা আরও ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে ভোটদানের হার ছিল ৮২ শতাংশ।
নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন আধিকারিক, ভোটকর্মী, নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার জন্য ভোটারদেরও অভিনন্দন জানান।
আদিবাসী জনজাতির উন্নয়নে বিজেপি কাজ করেছে উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন, এডিসিতে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গঠনে দল আত্মবিশ্বাসী। তিনি দৃঢ়ভাবে বলেন, “এডিসিতে নিশ্চিতভাবেই ট্রিপল ইঞ্জিন সরকার গঠিত হবে।”
অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়গুলো রাজ্য নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে এবং পুনরায় ভোটগ্রহণ (রিপোল) সংক্রান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হচ্ছে। সূত্রের খবর, একাধিক বিজেপি প্রার্থী নিজেদের এলাকায় পুনর্ভোটের দাবি জানিয়েছেন, তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।

You must be logged in to post a comment Login