জনতার কলম, আগরতলা, ৬জুলাই :- আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে প্রথম পিরিয়ডিক অ্যাসেসমেন্ট। কিন্তু পরীক্ষার মাত্র এক সপ্তাহ আগে এখনও সামাজিক বিজ্ঞান (এসএসটি) বিষয়ের এনসিইআরটি পাঠ্যবই হাতে না পাওয়ায় চরম অনিশ্চয়তা ও উদ্বেগে দিন কাটাচ্ছে চরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী বিদ্যা জ্যোতি স্কুলের নবম শ্রেণির পড়ুয়ারা। সিবিএসই-অধিভুক্ত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই না থাকায় পরীক্ষার প্রস্তুতি নিতে বড় সমস্যার মুখে পড়েছে।
পড়ুয়াদের অভিযোগ, নির্ধারিত এনসিইআরটি পাঠ্যবই ছাড়া বিষয়টি ঠিকভাবে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। দ্রুত বই সরবরাহের দাবি জানিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
এক শিক্ষার্থী জানায়, “পাঠ্যবই ছাড়া পড়াশোনা করা অত্যন্ত কঠিন। আমরা চাই দ্রুত এনসিইআরটি বই সরবরাহ করা হোক, যাতে পরীক্ষার জন্য ঠিকভাবে প্রস্তুতি নিতে পারি।”
বিদ্যালয়ের অধ্যক্ষ মনিময় ভৌমিক সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত সামাজিক বিজ্ঞানের বই স্কুলে এসে পৌঁছায়নি। ফলে পরীক্ষার আগে শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রস্তুতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তিনি স্বীকার করেন।
অভিভাবকরাও এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, পরীক্ষার ঠিক আগে পাঠ্যবই না পাওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার এবং এতে তাদের ফলাফলের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্রুত সমস্যার সমাধান করে বই সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা।
পরীক্ষা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শিক্ষার্থীদের উৎকণ্ঠা। হাতে বই না থাকায় পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে নবম শ্রেণির পড়ুয়াদের।