Home রাজনৈতিকত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল গণতন্ত্রের পক্ষে জনমতের প্রতিফলন: জিতেন্দ্র চৌধুরী

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফল গণতন্ত্রের পক্ষে জনমতের প্রতিফলন: জিতেন্দ্র চৌধুরী

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ১৪ জুন:- ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে “সংবিধান বাঁচাও মঞ্চ”-এর জয়কে গণতন্ত্র ও সংবিধান রক্ষার পক্ষে আইনজীবীদের সুস্পষ্ট বার্তা বলে মন্তব্য করেছেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “২০১৮ সালের পর রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উপর বিজেপি প্রভাব বিস্তার করলেও আইনজীবীদের এই সংগঠনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারেনি।” তাঁর দাবি, ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা যে পেশারই হোন না কেন, বিজেপির রাজনীতিতে বিরক্ত এবং শাসক দলের প্রতি তাদের সমর্থন ক্রমশ হ্রাস পাচ্ছে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফলে সেই মনোভাবেরই প্রতিফলন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

জিতেন্দ্র চৌধুরী আরও বলেন, বিধানসভা, লোকসভা, ত্রিস্তর পঞ্চায়েত, পুরসভা এবং ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর নির্বাচন যদি সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়, তাহলে বিজেপির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে। তাঁর মতে, সাধারণ মানুষের মধ্যে শাসক দলের প্রতি যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী ফলাফলে।

সিপিআই(এম) রাজ্য সম্পাদক জানান, আদালত প্রাঙ্গণে “সংবিধান বাঁচাও মঞ্চ”-এর সঙ্গে যুক্ত আইনজীবীরা সংবিধান, গণতান্ত্রিক অধিকার এবং আইনের শাসন রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করে চলেছেন। তিনি অভিযোগ করেন, এই দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের অনেক সময় শাসক দলের সমর্থকদের বাধা ও আক্রমণের মুখোমুখি হতে হয়। তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই অব্যাহত রেখেছেন।

ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনের ফলাফল রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy