জনতার কলম, আগরতলা, ২৯জুন :- বর্তমান ত্রিপুরা সরকার কেন্দ্রীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে রাজ্যকে দেশের অন্যতম মডেল রাজ্যে পরিণত করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। সোমবার রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকেই যুব সমাজ, মহিলা, কৃষক এবং প্রবীণদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য, সরকারের প্রতিটি প্রকল্পের সুফল যেন সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছেও পৌঁছে যায়।
অন্নপূর্ণা দেবী আরও বলেন, একসময় উত্তর-পূর্বাঞ্চল দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল এবং উন্নয়নও ছিল সীমিত। তবে গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই অঞ্চলের সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত কেন্দ্রীয় মন্ত্রীদের পরিদর্শনের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, ত্রিপুরায় ডাবল ইঞ্জিন সরকারের সুফল রাজ্যের মানুষ ইতোমধ্যেই অনুভব করছেন। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ওয়ান স্টপ সেন্টারগুলিতে সুবিধাভোগীদের প্রতি সংবেদনশীলতার সঙ্গে পরিষেবা প্রদান করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় অর্থানুকূল্যে বর্তমানে রাজ্যে ১০টি ওয়ার্কিং ওমেন হোস্টেল নির্মাণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অজিত কুমার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস উপস্থিত ছিলেন।