Site icon janatar kalam

হোয়াইট-বল সিরিজের আগে আফগানিস্তানের কোচিং দায়িত্বে পায়বাস

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- টি-২০ বিশ্বকাপ ২০২৬ থেকে ছিটকে যাওয়ার মধ্যেই আফগানিস্তান ক্রিকেট দলে এলো বড় পরিবর্তন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নতুন প্রধান কোচ হিসেবে রিচার্ড পায়বাসের নাম ঘোষণা করেছে। তিনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও কোচ জোনাথন ট্রট এর স্থলাভিষিক্ত হলেন।

পায়বাস শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে চলা হোয়াইট-বল সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ১৩ মার্চ থেকে এই সিরিজের সূচনা হবে।

জনাথন ট্রটের কোচিংয়ে আফগানিস্তান দল গত কয়েক বছরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তাঁর মেয়াদে দলটি আন্তর্জাতিক ক্রিকেটে শক্ত অবস্থান তৈরি করে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে চমক দেখায় আফগানিস্তান। এছাড়া ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও জায়গা করে নেয় দলটি।

৬১ বছর বয়সী রিচার্ড পায়বাসের জন্ম ৫ জুলাই ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিউক্যাসল আপন টাইন শহরে। ক্রিকেটার হিসেবে তাঁর ক্যারিয়ার খুব একটা উজ্জ্বল ছিল না; সাফোকের হয়ে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন, যেখানে তাঁর সংগ্রহ ছিল ৪ রান।

তবে কোচ হিসেবে পায়বাস বেশ সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ, ডিরেক্টর অব ক্রিকেট ও হাই-পারফরম্যান্স প্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর সময়েই ওয়েস্ট ইন্ডিজ ২০১৬ সালে পুরুষ, মহিলা ও অনূর্ধ্ব-১৯—এই তিন বিভাগেই বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে।

এছাড়া তিনি পাকিস্তান জাতীয় দলেরও প্রধান কোচ ছিলেন। তাঁর কোচিংয়েই পাকিস্তান ১৯৯৯ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, যদিও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। ২০১৩ সালে বাংলাদেশ দলের সঙ্গেও কাজ করেছেন পায়বাস।

তিনি লেভেল-ফোর সিএসএ সার্টিফায়েড কোচ এবং নিউরোলিডারশিপ ইনস্টিটিউট থেকে এক্সিকিউটিভ কোচিং সার্টিফিকেটপ্রাপ্ত। পাশাপাশি তিনি সার্টিফায়েড পারফরম্যান্স কোচ ও মাস্টার লেভেল এনএলপি প্র্যাকটিশনার।

এখন দেখার বিষয়, প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে গড়া আফগানিস্তান দলকে পায়বাস তাঁর কোচিং মেয়াদে প্রথম এশিয়া কাপ বা বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণে কতটা এগিয়ে নিতে পারেন।

Exit mobile version