2026-03-11
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় এসইউসিআই(সি)-র বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলার বটতলায় বিক্ষোভ সভা করল সোশ্যালিস্ট উনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট) বা এসইউসিআই(সি)। কেন্দ্রীয় সরকারের এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির সিএনজি ও পিএনজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী এবং রাজ্য সম্পাদক অরুন ভৌমিক। বক্তারা অভিযোগ করেন, ইরান এবং ইসরায়েল, ইউনাইটেড স্টেটস সংঘাতকে অজুহাত করে দেশে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সঙ্কট তৈরি হয়েছে এবং সেই সুযোগে সরকার দাম বাড়িয়েছে। এর ফলে হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরোয়া রান্নাবান্নায় বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।

বক্তাদের দাবি, বিশ্বের অন্যতম বৃহৎ জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও সরকার এই জরুরি পণ্যের পর্যাপ্ত মজুত রাখেনি। পাশাপাশি গ্যাসের কালোবাজারিও চলছে বলে অভিযোগ তোলা হয়। তারা আরও বলেন, গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এতে গ্যাস কোম্পানিগুলি বিপুল লাভ করছে।

সভায় আরও বলা হয়, ভারত যখন রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল আমদানি করেছে, তখনও দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়নি। অন্যদিকে ত্রিপুরায় উত্তোলিত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী সংস্থা Tripura Natural Gas Company Limited (টিএনজিসিএল) সিএনজি ও পাইপলাইনের গ্যাসের দামও বাড়িয়েছে, যা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় বলে দাবি করেন বক্তারা।

এসইউসিআই(সি) নেতারা অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং এলপিজি সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি এই দাবিতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তারা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service