Home Blog Page 20

ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লামকে মোদির অভিনন্দন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হিসেবে তো লামের নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এক সামাজিক মাধ্যম পোস্টে মোদি আশাবাদ ব্যক্ত করে বলেন, তো লামের নেতৃত্বে ভারত ও ভিয়েতনামের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্ব আরও শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী আরও জানান, দুই দেশের মানুষের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য এবং সমগ্র অঞ্চলের কল্যাণে বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব (কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ) আরও গভীর করতে তিনি একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছেন।

ভারত-আফ্রিকা সম্পর্ক জোরদারে বৈঠক, সভাপতিত্বে ড. জয়শঙ্কর

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ নয়াদিল্লিতে ভারত-আফ্রিকা সম্পর্ক নিয়ে এক পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে আফ্রিকার দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য ও বিনিয়োগ, ঋণ সহায়তা (লাইনস অব ক্রেডিট) ও অনুদান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একটি সামাজিক মাধ্যম পোস্টে ড. জয়শঙ্কর জানান, এই বৈঠকে ভারত ও আফ্রিকার ঐতিহাসিক সম্পর্ক এবং দুই অঞ্চলের মানুষের মধ্যে দৃঢ় যোগাযোগের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে।

গুজরাটিদের নিয়ে খাড়গের মন্তব্যে বিজেপির তীব্র প্রতিবাদ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- গুজরাটিদের নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জ্যেষ্ঠ নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, গুজরাটিরা অশিক্ষিত—খাড়গের এমন মন্তব্য লজ্জাজনক ও অত্যন্ত নিন্দনীয়। তিনি অভিযোগ করেন, নির্বাচন আসা-যাওয়া করলেও কংগ্রেস সভাপতি সমস্ত শালীনতা বিসর্জন দিয়েছেন।

রবিশঙ্কর প্রসাদ আরও বলেন, গুজরাটের সাক্ষরতার হার বর্তমানে ৮২ শতাংশ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।এছাড়াও, খাড়গেকে গুজরাটের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি।

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে প্রণয় ভার্মার সাক্ষাৎ তারেক রহমানের সঙ্গে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে উভয় দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় জনস্বাস্থ্য, আর্থিক অন্তর্ভুক্তি, নারী ক্ষমতায়ন, গ্রামীণ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসা সহজীকরণ, প্রযুক্তিগত অংশীদারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও মজবুত করতে সংযোগ বৃদ্ধি ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বও তুলে ধরা হয়।

হাইকমিশনার প্রণয় ভার্মা উল্লেখ করেন, ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশ নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, বিশেষত অর্থনৈতিক সংযোগ ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে।

তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থ ও যৌথ সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত।

এই বৈঠক ঢাকা ও নয়াদিল্লির মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতাকেই প্রতিফলিত করে, যার লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে গভীরতর সহযোগিতা নিশ্চিত করা।

আঞ্চলিক দল দীর্ঘস্থায়ী হয় না, কারণ তারা উন্নয়ন নিশ্চিত করতে পারে না: বিদ্যুৎ মন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে জনজাতিদের। তাই ভোট দেওয়া উচিত ডাবল ইঞ্জিন পরিচালিত সরকার কে। তাহলে জনজাতীদের সামগ্রী উন্নয়ন সাধিত হবে।

তিনি বলেন আঞ্চলিক রাজনৈতিক দল দীর্ঘস্থায়ী হয় না, কারণ তারা উন্নয়নের জন্য কাজ করে না। তবে বিজেপি একমাত্র দল যা জনজাতিদের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির জন্য নিবেদিত।

১৪নং বোধজংনগর–ওয়াকিনগর কেন্দ্রের ২০ নং বুথের চাকমাপাড়া এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন।

মন্ত্রী বলেন, কংগ্রেস ১৪১ বছর আগে গঠিত হয়েছিল এবং এর সদস্য সংখ্যা ২ কোটি ৫০ লক্ষ । চীনের কমিউনিস্ট পার্টি ১০৫ বছর আগে প্রতিষ্ঠিত এবং এর সদস্য সংখ্যা ৯কোটি ৮ লক্ষ , আর বিজেপি মাত্র ৪৬ বছর আগে গঠিত এবং এরই মধ্যে সদস্য সংখ্যা ১৪ কোটি। যা পৃথিবীর কোনও রাজনৈতিক দলের এত বিশাল সদস্য সংখ্যা নেই।

তিনি জানান বিজেপির বর্তমানে লোকসভায় ২৪০ সাংসদ , এনডিএসহ ২৯৩ সাংসদ, এবং রাজ্যসভায় ১০৬ সাংসদ, এনডিএসহ ১৪১ সাংসদ রয়েছে। দেশে মোট ৪১২৬ বিধায়ক রয়েছেন, যার মধ্যে বিজেপির ১৪৫০ এবং এনডিএসহ ২৩১৫ বিধায়ক। দেশে ২০ টি রাজ্যে বিজেপি জোট পরিচালিত সরকার আছে এরমধ্যে ১৫ টা রাজ্যে সরাসরি বিজেপি শাসিত সরকার পরিচালনা করছে, যেমন গোয়া, আসাম, রাজস্থান, ওডিশা, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর ইত্যাদি। সকল সম্প্রদায় এবং সকল ধর্মের মানুষ ভোট দেয় বিজেপিকে, কারণ দলের স্লোগান হলো সবকাঁ সাথ, সবকাঁ বিকাশ।

মন্ত্রী জানান,ওয়াকিনগরে ৭৬৩ পরিবারের মধ্যে ৪১৮ টি সরকারি ঘর ৭.৫ বছরে দেওয়া হয়েছে; ৪৫৩ পরিবার বিনামূল্যে চাল পেয়েছে; ৩৬২ জন সামাজিক পেনশন পেয়েছেন, এবং সামাজিক পেনশনও বৃদ্ধি করা হয়েছে। ৪১৩ টি পরিবার পাইপ লাইনে পানীয় জল পেয়েছে এবং ৯৬ জন লাখপতি দিদি হয়েছেন।

তিনি বলেন এখন আর জনজাতিরা আঞ্চলিক দলকে সমর্থন করে না। কারণ তারা দীর্ঘস্থায়ী হয় না। তারা উন্নয়নের দিকে মনোনিবেশ করে না। বিজেপি জনজাতিদের প্রতি যথাযথ সম্মান দেখিয়েছে। গত ৭.৫ বছরে ১১ জন পদ্মশ্রী পেয়েছেন, যার মধ্যে ৯ জন জনজাতি। এ সব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে। পূর্বের সরকার থাকলেও, কেন মহারাজার মূর্তি স্থাপন করা হয়নি? কেন বিমানবন্দর মহারাজা বির বিক্রমের নামে নামকরণ করা হয়নি? বিজেপি মহারাজার জন্মদিনে ছুটি ঘোষণা করেছে। এই সরকার জনজাতি জনগণের কল্যাণে কাজ করছে। জনজাতি এলাকায় একাধিক প্রকল্প চলছে। তৎকালীন সিপিএম এবং কংগ্রেস, যারা আগে রাজ্য শাসন করেছিল, তারা জনজাতিদের সরকারি সুযোগ থেকে বঞ্চিত করেছিল।

তিনি বলেন জনজাতি এলাকায় ইদানীং মানুষ বিজেপির মুখী হচ্ছে। তারা বহু আঞ্চলিক পার্টি দেখেছে কিন্তু সেগুলো স্থায়ী কিছু দেখা যায়নি।

যেমন গণমুক্তি পরিষদ, টিসেপি (TSP), NSPT, INPT , TNV, NCT, TPF, TTNC, IPFT এবং এখন Tipra motha । আমাদের উদ্দেশ্য স্পষ্ট সবকা সাথে, সবকা বিকাশ। আমরা মানুষের জন্য বিনামূল্যে চাল, বাড়ি, সড়কসহ নানা সুযোগ-সুবিধা প্রদান করেছি।

“রাজনীতি নয়, সম্পর্ক বড়”—হিংসা বন্ধে বার্তা প্রদ্যোৎ দেববর্মার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে তিপরা মথা পার্টির সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মা দলীয় কর্মী-সমর্থকদের আইন নিজের হাতে না তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার একটি সোশ্যাল মিডিয়া লাইভে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, নির্বাচন সাময়িক, কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক দীর্ঘস্থায়ী—রাজনীতির জন্য সেই সম্পর্ক নষ্ট করা উচিত নয়।

তিনি বলেন, “হিংসা কোনো সমাধান নয়। নির্বাচনের সময় আসে-যায়, কিন্তু পারস্পরিক সম্পর্ক থেকে যায়। রাজনীতির কারণে নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা উচিত নয়।” সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হিংসার ঘটনায় গোটা জনজাতি সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক হিংসার ঘটনায় বিজেপির কয়েকজন কর্মী আহত হন। পেকুয়ারজলা-জনমেজয়নগর এডিসি কেন্দ্রের বিজেপি প্রার্থী মোজি দেববর্মাও আক্রান্ত হন বলে অভিযোগ। এছাড়া রবিবার রাতে মুঙ্গিয়াকামি এলাকায় এক দলীয় কর্মীর বাড়িতে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার উপরও হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে প্রদ্যোৎ দেববর্মা দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে আইন মেনে পদক্ষেপ নিতে হবে। “কেউ যদি ভোটারদের প্রলোভন দেখায় বা অনৈতিক কিছু করে, তাহলে নিজেরা হিংসায় জড়িয়ে পড়ো না। মোবাইলে ছবি বা ভিডিও তুলে প্রমাণ সংগ্রহ করো এবং পুলিশের কাছে দাও,”—এমনই পরামর্শ দেন তিনি।

সব রাজনৈতিক দলের ভোটারদের উদ্দেশেও তিনি নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ত্রিপুরা পুলিশের উপর আস্থা প্রকাশ করে বলেন, প্রমাণের ভিত্তিতে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না বলেই তাঁর বিশ্বাস।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার আবহে প্রদ্যোৎ দেববর্মার এই বার্তা পরিস্থিতি শান্ত রাখতে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বেকারত্ব ও আইনশৃঙ্খলা ইস্যুতে বিজেপিকে নিশানা, ধর্মনগরে মানিক সরকারের সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ধর্মনগরে উপনির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের অন্যতম শরিক সিপিআই(এম) সোমবার জোরদার প্রচারে নামে। দলের উদ্যোগে আয়োজিত এক বিশাল র‍্যালি ও জনসভা ঘিরে শহরে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট হয়ে ওঠে।

সকাল প্রায় ১১টা নাগাদ ধর্মনগর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি পরিক্রমা করে মিছিলটি শেষ হয় কালীদিঘির উত্তর পাড়ে, যেখানে অনুষ্ঠিত হয় জনসভা।

এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন এআইডিডব্লিউএ নেত্রী কৃষ্ণা রক্ষিত, সিটু নেতা অমল চক্রবর্তী, দলের প্রার্থী অমিতাভ দত্ত, জেলা সম্পাদক অভিজিৎ দে, মহকুমা সম্পাদক রতন রায়সহ রাজ্য ও জেলা স্তরের একাধিক শীর্ষ নেতৃত্ব এবং বিধায়করা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ তোলেন, রাজ্যে শাসনব্যবস্থার অবনতি ঘটেছে এবং বেকারত্ব উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতির কথাও তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ থানায় মামলা নথিভুক্ত করতেও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সরকারি দপ্তরগুলিতে কর্মীর ঘাটতির অভিযোগ তুলে তিনি বলেন, এর ফলে পরিষেবা পেতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের বিচার ও প্রশাসনিক পরিষেবা পাওয়ার অধিকার অবাধ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে এদিনের এই কর্মসূচিকে ঘিরে সিপিআই(এম) তাদের সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ পাড়া এডিসি ভিলেজের ভৃগুরাম চৌধুরীপাড়ায় এক আতঙ্কজনক ঘটনার সৃষ্টি হয়। অভিযোগ, লাল পতাকা-সমর্থিত দুষ্কৃতীদের দ্বারা অতর্কিত হামলার শিকার হন বিজেপি ST মোর্চার মন্ডল সভাপতি লালবাহাদুর ত্রিপুরা সহ আরও কয়েকজন কার্যকর্তা।

হামলায় গুরুতর আহত লালবাহাদুর ত্রিপুরাকে তড়িঘড়ি করে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এদিকে, আহত নেতাকে দেখতে জিবি হাসপাতালে পৌঁছান রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন। তিনি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাস করে, ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে কখনোই আটকানো যায়নি, ভবিষ্যতেও যাবে না।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

0

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অপরাধমূলক রেকর্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। শুধু তাই নয়, প্রার্থীদের জমা দেওয়া সম্পূর্ণ হলফনামাও ডাউনলোড করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে।

বিশ্বের বৃহত্তম নির্বাচনী পরিষেবা প্ল্যাটফর্ম হিসেবে ECINET একসঙ্গে ৪০টিরও বেশি অ্যাপ ও পোর্টালকে একত্রিত করে ভোটারদের জন্য একটি নিরবচ্ছিন্ন পরিষেবা অভিজ্ঞতা তৈরি করেছে।

এদিকে, অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সূচি ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অসম, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচন এবং চারটি রাজ্যে উপনির্বাচনে মোট ১,৯৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, নাগরিকরা ECINET-এর ‘Know Your Candidates’ মডিউলের মাধ্যমে প্রার্থীদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলা, সম্পদ ও দায়-দায়িত্ব এবং শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য জানতে পারবেন।

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই আরেকটি ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার গ্রিন সানভি নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে বর্তমানে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি হরমুজ প্রণালী পার হওয়া সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার।

এদিকে, পশ্চিম পারস্য উপসাগরীয় অঞ্চলে এখনও ১৭টি ভারতীয় পতাকাবাহী জাহাজ অবস্থান করছে, যেগুলিতে ৪০০-রও বেশি ভারতীয় নাবিক রয়েছেন। পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ডিরেক্টরেট জেনারেল অব শিপিং (ডিজি শিপিং), যা জাহাজ মালিক ও বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় মিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।

ডিজি শিপিং-এর কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা ৪,৯৮৪টি ফোনকল এবং ১০,০০০-এরও বেশি ইমেল সামলেছে। পাশাপাশি, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থান ও বিমানবন্দর থেকে ইতিমধ্যেই ১,১৩০ জনেরও বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।