Home Blog Page 19

ভোটের আগে পশ্চিমবঙ্গে ৯১ লক্ষ নাম বাদ, চরম বিতর্ক

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (SIR) প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যাপক সংশোধন করা হয়েছে, যা ভোটাধিকার বঞ্চনার আশঙ্কা বাড়িয়েছে বলে অভিযোগ উঠছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় মোট প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে আগে থেকেই প্রায় ৬৩ লক্ষ নাম মুছে ফেলা হয়েছিল এবং আদালতের নির্দেশে আরও প্রায় ২৭ লক্ষ ভোটারকে অযোগ্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের দাবি, ভোটার তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ডুপ্লিকেট, মৃত, স্থানান্তরিত বা অযোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে একটি সঠিক ভোটার ডাটাবেস তৈরি করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য। উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে রাজ্যে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

জেলার ভিত্তিতে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, মালদা, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে। কলকাতাতেও বিভিন্ন কেন্দ্রে প্রায় ৭ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে, ফলে শহরের উত্তর ও দক্ষিণ অংশে ভোটার সংখ্যায় বড়সড় হ্রাস দেখা গেছে।

এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC) অভিযোগ করেছে, এই প্রক্রিয়ায় সংখ্যালঘু, পরিযায়ী ও আর্থিকভাবে দুর্বল মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।

অন্যদিকে, বিজেপি এই পদক্ষেপকে সমর্থন করে জানিয়েছে, ভুয়ো বা বেআইনি ভোটারদের নাম বাদ দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

“বিজেপি এলে অর্থের অভাব থাকবে না, হবে ব্যাপক উন্নয়ন”: বিদ্যুৎ মন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের প্রাক্কালে তিপ্রা মথা পার্টিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে ক্ষমতায় থেকেও জেলা পরিষদে উন্নয়নের জন্য প্রাপ্ত অর্থ সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে তিপ্রা মথা।

মঙ্গলবার বোদজংনগর-ওয়াখিনগর কেন্দ্রের ১৯ নম্বর বুথের অন্তর্গত রুব্রিতুইসা এলাকায় এক উঠান সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “তিপ্রা মথা বারবার বলেছে তারা পর্যাপ্ত অর্থ পায়নি। আবার ক্ষমতায় এলে একই অজুহাত দেবে। কিন্তু মানুষ যদি বিজেপিকে ক্ষমতায় আনে, তাহলে অর্থের কোনও সমস্যা থাকবে না এবং ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।”

তিনি আরও বলেন, এবারের টিটিএএডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সিপিআই(এম), আইপিএফটি সহ বিভিন্ন আঞ্চলিক দল ক্ষমতায় থাকলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। “যদি মানুষ মনে করে আঞ্চলিক দলগুলো তাদের উপকার করেছে, তাহলে আবারও তাদের ভোট দিতে পারে,”—কটাক্ষ মন্ত্রীর।

রতন লাল নাথ দাবি করেন, আগে টিইউজেএস, আইএনপিটি, টিএনভি, টিএসপি-সহ বহু আঞ্চলিক দল ছিল, কিন্তু এখন সেগুলি প্রায় অস্তিত্বহীন। বর্তমানে তিপ্রা মথাই একমাত্র বড় আঞ্চলিক দল। “তারা সবসময় ইনার লাইন পারমিট, স্বধীন ত্রিপুরা, টিপ্রাল্যান্ডের মতো দাবি তোলে। কিন্তু সাধারণ জনজাতি মানুষ কী পেল?”—প্রশ্ন তোলেন তিনি।

বিজেপির লক্ষ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রকৃত উন্নয়নের জন্য অর্থনৈতিক, সামাজিক ও পরিকাঠামোগত অগ্রগতি জরুরি। “টিপ্রাল্যান্ড হলেও যদি অর্থ না থাকে, তাহলে উন্নয়ন কীভাবে হবে? মানুষের প্রয়োজন রাস্তা, পানীয় জল, বাড়ি—এসবই বিজেপি দিতে পারে,”—দাবি তাঁর।

এছাড়াও তিনি বলেন, বিজেপি কোকবরক ভাষার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর অভিযোগ, আঞ্চলিক দলগুলো ভাষার উন্নয়নের কথা বললেও বাস্তবে তেমন উদ্যোগ নেয়নি। শেষে তিনি আহ্বান জানান, “জেলা পরিষদে যদি বিজেপিকে ক্ষমতায় আনা হয়, তাহলে উন্নয়নের গতি বাড়বে এবং অর্থের কোনও ঘাটতি থাকবে না।”

আসামে ভোটের আগে নীরবতা পর্ব শুরু, থামল সব প্রচার

0

জনতার কলম ওয়েবডেস্ক :- অসম বিধানসভা নির্বাচনের আগে আজ বিকেল ৫টা থেকে কার্যকর হয়েছে ‘নীরবতা পর্ব’ (Silence Period), যার ফলে রাজ্যজুড়ে সমস্ত ধরনের নির্বাচনী প্রচার সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগে এই বিধিনিষেধ আরোপ করা হয়।

এই সময়ের মধ্যে জনসভা, মিছিল, র‍্যালি, দরজায় দরজায় প্রচারসহ সব ধরনের নির্বাচনী কার্যকলাপ নিষিদ্ধ। পাশাপাশি ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমেও কোনও ধরনের প্রচার চালানো যাবে না। নির্বাচন কমিশন এই সময়ে মতামত জরিপ (Opinion Poll), এক্সিট পোল বা অনুরূপ কোনও সমীক্ষার ফলাফল প্রচার বা সম্প্রচারের ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে।

আগামী ৯ এপ্রিল এক দফায় রাজ্যের সবকটি ১২৬টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ৬৬৩ জন পুরুষ এবং ৫৯ জন মহিলা প্রার্থী রয়েছেন।

নির্বাচন যাতে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরিমল সাহার মৃত্যুবার্ষিকীতে পুনরুদ্ধার বিশালগড় কংগ্রেস ভবন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চড়িলাম বিধানসভা কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক পরিমল সাহার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পুনরুদ্ধার করা হলো বিশালগড়ের কংগ্রেস ভবন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই কার্যালয়টি নতুন করে প্রাণ ফিরে পেল কংগ্রেস কর্মী-সমর্থকদের উদ্যোগে।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিশালগড়ের এই কংগ্রেস ভবনটি অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় ছিল। একাধিকবার দুষ্কৃতীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় কার্যালয়টি। অবশেষে কংগ্রেস নেতা নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে দীর্ঘ আট বছর পর ভবনটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

এদিন কর্মসূচির সূচনায় কংগ্রেস ভবনের সামনে প্রয়াত বিধায়ক পরিমল সাহার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নিগমানন্দ গোস্বামীসহ জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল, যুব কংগ্রেস লিগ্যাল সেলের ইনচার্জ এরশাদ মিয়া, স্থানীয় নেতা শান্তি ভট্টাচার্য এবং অন্যান্যরা।

প্রসঙ্গত, ১৯৮৩ সালের বিধানসভা নির্বাচনে চড়িলাম কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন যুব কংগ্রেস নেতা পরিমল সাহা। একই বছরের ৭ এপ্রিল বিশালগড়ের অফিসটিলা এলাকায় তৎকালীন শাসক দল সিপিআই(এম)-এর ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হন তিনি ও তাঁর ঘনিষ্ঠ সহকর্মী জিতেন্দ্র সাহা। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিতেই প্রতি বছর এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।

নিগমানন্দ গোস্বামী জানান, প্রয়াত বিধায়ক পরিমল সাহা মানুষের কাছে নত হয়ে থাকার শিক্ষা দিয়েছিলেন। তাঁর আদর্শকে সামনে রেখেই আগামী দিনে পথ চলবে কংগ্রেস।

কর্মসূচির অংশ হিসেবে পরে কংগ্রেস ভবন থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি প্রয়াত বিধায়কের সমাধিস্থলে গিয়ে শেষ হয়, যেখানে পুনরায় পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা।

জনজাতিদের বিভ্রান্ত করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অমপিনগরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা তিপ্রা মথা পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই দল জনজাতি সমাজকে বিভ্রান্ত ও হতাশ করেছে, তবে এবার তাদের সময় শেষের পথে। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিই সরকার গঠন করবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, বিজেপি কোনও দলের উপর নির্ভরশীল নয়, তাই দল একাই ২৮টি আসনে প্রার্থী দিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তিপ্রা মথা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তবে মানুষ এসব রাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেও তিনি মন্তব্য করেন।

ডা. সাহা আরও বলেন, এডিসির উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হলেও বাস্তবে কোনও কাজ হয়নি, বরং দুর্নীতি বেড়েছে। তাই এবার স্বচ্ছ ও উন্নয়নমুখী সরকার গড়ার সময় এসেছে। এদিনের সভায় মুখ্যমন্ত্রী ৪২৭ জন ভোটারকে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানান। সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ।

বিশ্ববাজারে তেলের দামে নতুন রেকর্ড, ভূ-রাজনৈতিক উত্তেজনায় বাড়ল চাপ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার বৈশ্বিক কাঁচা তেলের দামে বড় উল্লম্ফন দেখা গেছে। ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমার প্রেক্ষিতে তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছে।

ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১.৬৯ শতাংশ বা ১.৮৬ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১১১.৬৩ ডলারের ইন্ট্রাডে উচ্চতায় পৌঁছায় (সকাল ৯:৫৭ পর্যন্ত)। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড ফিউচার্স ৩ শতাংশের বেশি, অর্থাৎ ৪.১৫ ডলার বেড়ে ১১৬.৫৬ ডলারে পৌঁছেছে।

সংঘাত শুরু হওয়ার পর থেকেই ব্রেন্ট ক্রুডের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে। ২৭ ফেব্রুয়ারি ৭২.৪৮ ডলার থেকে বেড়ে ৯ মার্চ তা ১১৯.৫০ ডলারে পৌঁছায়।

তেলের দামের এই উত্থান এমন সময় ঘটেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তেহরানের ওপর কঠোর হামলা চালানো হবে। এমনকি তিনি ইরানকে “এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব” বলেও হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ পথটি বিঘ্নিত রয়েছে। এর ফলে চলতি বছরে কাঁচা তেলের দাম প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বেড়ে গড়ে ১০০ ডলারের আশেপাশে অবস্থান করছে।

এদিকে, বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভারতে সেনসেক্স ও নিফটি প্রায় ১ শতাংশ পর্যন্ত পতনের সঙ্গে লেনদেন করছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিট সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও এশিয়ার বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

এপ্রিল থেকে বাড়বে বিমান ভাড়া, বড় সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার সংকটের জেরে এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম বৃদ্ধির প্রভাব এবার বিমান যাত্রীদের পকেটে পড়তে চলেছে। বাড়তি খরচ সামলাতে দেশের অন্যতম প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ফুয়েল সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এয়ার ইন্ডিয়া গ্রুপ জানিয়েছে, নতুন এই সারচার্জ ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। এর ফলে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানের টিকিটের দাম বাড়বে। দেশীয় রুটে ভাড়া ২৯৯ টাকা থেকে ৮৯৯ টাকা পর্যন্ত বাড়তে পারে, আর আন্তর্জাতিক উড়ানে টিকিটের দাম ২,২০০ টাকা থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সংস্থার তরফে জানানো হয়েছে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এটিএফ মূল্যের বৃদ্ধির সীমা ২৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশীয় উড়ানে একরকম সারচার্জ তুলে দিয়ে দূরত্বভিত্তিক নতুন গ্রিড ব্যবস্থা চালু করা হচ্ছে, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। এই নতুন ব্যবস্থার আওতায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানও থাকবে।

এয়ার ইন্ডিয়ার মতে, জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় বিমান পরিষেবার খরচ বেড়েছে। ফেব্রুয়ারির শেষে যেখানে প্রতি ব্যারেল জ্বালানির দাম ছিল ৯৯.৪০ ডলার, তা এখন বেড়ে প্রায় ১৯৫.১৯ ডলারে পৌঁছেছে। এর আগেই ইন্ডিগোও ফুয়েল সারচার্জ বাড়িয়েছিল। উল্লেখ্য, ফুয়েল সারচার্জ হল অতিরিক্ত ফি, যা জ্বালানির দাম বাড়লে যাত্রীদের টিকিটের সঙ্গে যুক্ত করা হয়।

গ্রেটার নয়ডায় ‘মেট্রো বিশ্ববিদ্যালয়’ স্থাপনে যোগী মন্ত্রিসভার অনুমোদন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে উচ্চশিক্ষা বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর ফলে গ্রেটার নয়ডায় বেসরকারি উদ্যোগে ‘মেট্রো বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, যা রাজ্যে উচ্চশিক্ষার প্রসারে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উচ্চশিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় জানান, উত্তরপ্রদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৯-এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই আইনের বিধান অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, নিয়ন্ত্রণ ও পরিচালনার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও জানান, সানহিল হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড, নয়ডা গ্রেটার নয়ডা অথরিটি থেকে বরাদ্দ ২৬.১ একর জমিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেয়, যা আইনগত যাচাইয়ের পর অনুমোদিত হয়েছে। এজন্য ‘উত্তরপ্রদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬’ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে রাজ্যে মানসম্পন্ন উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে এবং যুবসমাজ আধুনিক ও কর্মমুখী শিক্ষার সুযোগ পাবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, গুণগত মান বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া মন্ত্রিসভা শিক্ষামিত্র ও খণ্ডকালীন অনুদেশকদের ভাতা বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন করেছে। ২০১৭ সালে নির্ধারিত ১০ হাজার টাকা থেকে শিক্ষামিত্রদের মাসিক ভাতা বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তে লক্ষাধিক শিক্ষা কর্মী উপকৃত হবেন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

আসামে জনসভা থেকে একাধিক জনকল্যাণ প্রকল্পের ঘোষণা শাহর

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার আসামের হাইলাকান্দি জেলায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে মোদি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের সাংস্কৃতিক প্রতীকগুলিকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। বিজেপি সরকারের আমলে আসামের ঐতিহ্যবাহী ‘গামোছা’ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পরোক্ষভাবে আক্রমণ করে শাহ বলেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে তিনি ‘গামোছা’ পরতে অস্বীকার করেছিলেন। এছাড়া আহোম সেনাপতি লাচিত বরফুকনের স্মৃতিকে সম্মান জানাতে দিল্লিতে তাঁর একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে বলেও উল্লেখ করেন।

চা বাগানের শ্রমিকদের জমির অধিকার নিয়ে তিনি জানান, বিজেপি সরকার ৭০৭টি চা বাগানে প্রায় ৩.৫ লক্ষ পরিবারকে জমির মালিকানার পট্টা দিয়েছে। প্রথম পর্যায়ে ২০টি জেলার ১০৬টি বাগানে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে চা বাগান এলাকার মানুষদের ক্ষমতায়ন করা হচ্ছে বলে তিনি জানান।

শাহ আরও বলেন, আসামে শিক্ষা সংস্কারের অংশ হিসেবে ৪০২টি মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে। ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি)-এর পক্ষে সওয়াল করে তিনি বলেন, এটি বহুবিবাহের মতো প্রথা বন্ধ করে সমতা নিশ্চিত করবে। আগামী নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় ফিরলে রাজ্যে ইউসিসি চালু করা হবে।

কল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে শাহ জানান, কৃষকদের বার্ষিক আর্থিক সহায়তা ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হবে। ১০ হাজার কৃষকের জন্য ট্র্যাক্টর কেনায় ভর্তুকি দেওয়া হবে এবং ধান, ভুট্টা ও সরিষার ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয়ের আশ্বাস দেন।

এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি ফের ক্ষমতায় এলে দরিদ্র শিশুদের কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে চাল বিতরণ, নিত্যপ্রয়োজনীয় জিনিস কম দামে এবং মহিলাদের জন্য মাসিক ৩ হাজার টাকার সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে।

এর আগে শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী সভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করে শাহ বলেন, অবৈধ অনুপ্রবেশ থেকে রাজ্যকে রক্ষা করতে এবং সাংস্কৃতিক পরিচয় বজায় রাখতে একমাত্র বিজেপিই সক্ষম। তিনি দাবি করেন, বিজেপি সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করেছে এবং পুনরায় ক্ষমতায় এলে তাদের একে একে বের করে দেওয়া হবে।

“হত্যা-সন্ত্রাসে ইরানকে থামানো যাবে না”—খামেনেইর হুঁশিয়ারি

0

জনতার কলম ওয়েবডেস্ক :-ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনেই আইআরজিসির এক শীর্ষ জেনারেলের মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ইরানি নেতৃত্বের বিরুদ্ধে “হত্যা ও অপরাধ” দেশের অগ্রগতি থামাতে পারবে না। সোমবার তেহরানে ইসরায়েলের বিমান হামলায় ওই জ্যেষ্ঠ জেনারেল নিহত হন।

সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এক লিখিত বিবৃতিতে খামেনেই আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান মাজিদ খাদেমির দীর্ঘদিনের নীরব অবদানের প্রশংসা করেন। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন, ধারাবাহিক ব্যর্থতার পর তারা “সন্ত্রাস ও হত্যার” পথ বেছে নিচ্ছে।

খামেনেই খাদেমির পরিবার, সহকর্মী এবং আইআরজিসির অন্যান্য কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, খাদেমি আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি আইআরজিসির গোয়েন্দা নিরাপত্তা সংস্থার প্রধান ছিলেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান। ওই হামলায় তথ্যপ্রযুক্তি কেন্দ্রের ভবন এবং শিক্ষাকেন্দ্রের মসজিদের পাশের একটি গ্যাস স্টেশন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ ইসরায়েলের পেট্রোকেমিক্যাল শিল্প, জ্বালানি সংরক্ষণ কেন্দ্র এবং কুয়েতে মার্কিন সামরিক সরঞ্জাম ডিপো, স্যাটেলাইট যোগাযোগ ইউনিট ও একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানসহ ইরানের একাধিক শহরে যৌথ হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।