Home Blog Page 16

হিটলার-স্টালিন উদাহরণ টেনে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ২৬ নং বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত থেকে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আগামী ১২ তারিখ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে বিজেপির বিকল্প নেই এবং এডিসি এলাকাতেও উন্নয়নের ধারা বজায় রাখতে বিজেপিকে সমর্থন করা জরুরি।

তিনি আরও বলেন, মানুষকে আক্রমণ করে কখনোই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, এমনটা সম্ভব হলে হিটলার কিংবা স্টালিনের মতো নেতারাও আজ ক্ষমতায় থাকতেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এডিসি এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে কিছু রাজনৈতিক শক্তি ফায়দা লুটতে চাইছে, তবে এভাবে কোনো লাভ হবে না এবং সেই সময় আর ফিরবে না।

সমাবেশে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।

জিরানীয়া কেন্দ্রে বিজেপির শক্তি প্রদর্শন, প্রার্থীর সমর্থনে পর্যটন মন্ত্রীর বড় সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC) নির্বাচনকে সামনে রেখে ১৫নং জিরানীয়া কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ দেববর্মার সমর্থনে বৃহস্পতিবার মান্দাইয়ের ললিতবাজারে এক নির্বাচনী সভা ও কার্যকর্তা সম্মেলনের আয়োজন করা হয়।

এই সভায় উপস্থিত থেকে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়ন ও জনজাতি এলাকার অগ্রগতির স্বার্থে বিজেপি সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে এবং আরও এগিয়ে নিয়ে যেতে হলে এডিসি নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করা অত্যন্ত প্রয়োজন।

সভায় উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগামী নির্বাচনে জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তাও দেওয়া হয় সভা থেকে।

জনজাতিদের আস্থা বিজেপির ওপরই, বিরোধীদের বিরুদ্ধে কড়া বার্তা রাজীবের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধলাই জেলার ৮নং গঙ্গানগর-গন্ডাছড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী ভূমিকা নন্দ রিয়াং-এর সমর্থনে বৃহস্পতিবার এক বিশাল জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি উন্নয়ন ও সুশাসনের পক্ষে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে রাজ্যের জনজাতি জনগণ স্পষ্টভাবে বুঝতে পারছেন যে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-এর প্রকৃত উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির কোনও বিকল্প নেই।

রাজীব ভট্টাচার্য আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কিছু রাজনৈতিক দল শুধুমাত্র দুর্নীতির আশ্রয় নিয়েছে, যার ফলে তাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, এখন জনসমর্থন ফিরে পেতে অনেকেই মঞ্চে নাটকীয়তার আশ্রয় নিচ্ছেন।

এই ধরনের মিথ্যাবাদী ও জনবিরোধী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

জেল থেকে হাসপাতালে, সেখানেই পালানোর ছক—ব্যর্থ বাংলাদেশি নাগরিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আগরতলায় ঘটে গেল এক নাটকীয় ঘটনা। পুলিশ হেফাজতে থাকা এক অবৈধ বাংলাদেশি নাগরিক জিবি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা চালায়, যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।

ধৃত ব্যক্তির নাম সাজল ঋষি দাস। তিনি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা বলে জানা গেছে। অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছিল। পরবর্তীতে অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিরাপত্তা ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে দ্রুত তৎপরতা দেখিয়ে পুলিশ কর্মীরা তাকে পুনরায় আটক করতে সক্ষম হন, ফলে বড় ধরনের নিরাপত্তা ভাঙন এড়ানো সম্ভব হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তিদের পর্যবেক্ষণ ও নজরদারির ক্ষেত্রে আরও কড়াকড়ি প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

ঘটনাটি কীভাবে ঘটল এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

হামলার শিকার মজী দেববর্মা, খোঁজ নিতে বাড়িতে মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিছুদিন পূর্বে পেকুয়াজলা-জন্মেজয়নগর কেন্দ্রের প্রার্থী শ্রী মজী দেববর্মা তিপরা মথা আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আহত হন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যায় টাকারজলায় এক নির্বাচনী জনসভা শেষে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সরাসরি মজী দেববর্মার বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি আহত প্রার্থীর সঙ্গে কথা বলে দ্রুত সুস্থতার কামনা করেন।

এদিন মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, এই ঘটনার ক্ষেত্রে আইন তার নিজস্ব পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অপর একজন এখনও পলাতক রয়েছে বলে জানা গেছে।

পাশাপাশি তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “হামলা বা হুজ্জুতি করে বিজেপির জয় আটকানো যাবে না।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচনী আবহে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

টিটিএএডিসি নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরায় তিনদিন ‘ড্রাই ডে’ ঘোষণা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-টিটিএএডিসি (TTAAD) নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় তিনদিনের জন্য ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি (Corrigendum) জারি করে প্রশাসন জানিয়েছে, আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল ২০২৬—এই তিনদিন জেলার সমস্ত মদের দোকান ও বার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। 

শুরু হলো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের খাতা মূল্যায়ন, দ্রুত ফল প্রকাশের লক্ষ্য পর্ষদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গত ৬ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে এই মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়।

পর্ষদ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিকের খাতা মূল্যায়ন চলছে দুটি বিদ্যালয়ে—বরদোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে চারটি কেন্দ্রে—বাণী বিদ্যাপীঠ, বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধজং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।

বুধবার বরদোওলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মূল্যায়ন প্রক্রিয়া পরিদর্শনে যান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি জানান, এবছর যত দ্রুত সম্ভব পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে আগামী ৭ মে’র মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন তিনি।

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, প্রায় ২২০০ জন শিক্ষক-শিক্ষিকা এই মূল্যায়ন কাজে নিযুক্ত রয়েছেন। দ্রুত ও নির্ভুলভাবে খাতা মূল্যায়ন সম্পন্ন করতে জোর দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

ভোট সামগ্রী নিয়ে কেন্দ্রে রওনা ভোটকর্মীরা, কড়া নিরাপত্তায় ভোট আগামীকাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বুধবার ধর্মনগর সরকারি দ্বাদশমান বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ভোটকর্মীরা ভোট সামগ্রী সংগ্রহ করে নিজ নিজ ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সকাল থেকেই ব্যস্ততা চোখে পড়ে বিদ্যালয় চত্বরে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সবরকম প্রস্তুতি।

জানা গেছে, আগামীকাল অর্থাৎ ৯ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৬,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২২,৩৮০ জন এবং মহিলা ভোটার ২৩,৭৬৩ জন।

এই নির্বাচনে মোট ৫৫টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে। তার মধ্যে ১১টি মডেল পোলিং স্টেশন এবং ১১টি সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশন রয়েছে, যা নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে।

নিরাপত্তার দিক থেকেও প্রশাসন যথেষ্ট তৎপর। প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ৫৬ নং ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানান, “সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।”

উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই এলাকাজুড়ে উৎসাহ ও কৌতূহল তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। এখন দেখার, আগামীকাল গণতন্ত্রের এই উৎসবে কতটা সাড়া দেন সাধারণ মানুষ।

আন্তর্জাতিক সম্মান পেল আগরতলার রামকৃষ্ণ মিশন বিদ্যালয়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক অনন্য মাইলফলক স্থাপন করল আগরতলার বিবেকনগরের রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সাফল্যের ছাপ রেখে এবার ইউনেস্কো অ্যাসোসিয়েট স্কুলের মর্যাদা অর্জন করেছে এই প্রতিষ্ঠান—যা শুধুমাত্র শিক্ষার মান নয়, মূল্যবোধ ও সর্বাঙ্গীণ বিকাশের ক্ষেত্রেও তাদের প্রতিশ্রুতির স্বীকৃতি।

বিশ্বজুড়ে নির্বাচিত কিছু প্রতিষ্ঠানের সঙ্গেই এই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ মেলে, ফলে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের এই সাফল্য নিঃসন্দেহে ত্রিপুরার জন্য গর্বের বিষয়। শিক্ষকদের নিষ্ঠা, ছাত্রছাত্রীদের পরিশ্রম এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার দৃঢ় ভিত্তিই এই অর্জনের মূল চালিকাশক্তি হিসেবে উঠে এসেছে।

এই সাফল্যে উচ্ছ্বাস ছড়িয়েছে রাজ্যজুড়ে। শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছে বিদ্যালয় পরিবার। মহারাষ্ট্রের রাজ্যপাল তথা প্রাক্তন ত্রিপুরা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাও সামাজিক মাধ্যমে তাঁর আনন্দ প্রকাশ করে বিদ্যালয়ের নেতৃত্বকে কুর্নিশ জানিয়েছেন। তিনি সেক্রেটারি মহারাজ ও স্বামীজিদের নিষ্ঠা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে শিক্ষক-শিক্ষিকা, কর্মী এবং ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান।

শুধু একটি স্বীকৃতি নয়, এই সম্মান ভবিষ্যতের দিকনির্দেশনাও। রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের এই সাফল্য রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে—যেখানে শিক্ষা মানেই কেবল পাঠ্যবই নয়, বরং মানুষ গড়ার এক সার্বিক প্রক্রিয়া।

‘৭০-এর দশকের অস্ত্রের রাজনীতি ফেরাতে চাইছে তিপ্রা মথা’: মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সমস্ত হুমকি ও হামলাকে উপেক্ষা করে খোয়াই জেলার দুস্কির পাড়াকলক স্কুল মাঠে মান্দাই–পুলিনপুর কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজেশ দেববর্মা এবং মহারানীপুর–তেলিয়ামুড়া কেন্দ্রের প্রার্থী বিল্লো জমাতিয়ার সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিরোধী দল তিপ্রা মথা পার্টিকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এডিসিতে নিজেদের পরাজয় নিশ্চিত বুঝতে পেরে তিপ্রা মথা ‘মাথা খারাপ’ করে ফেলেছে এবং ১৯৭০-এর দশকের মতো অস্ত্রের রাজনীতি ফেরানোর চেষ্টা করছে।

ডা. সাহা আরও বলেন, “কোনো হুমকি, হামলা বা বাধা বিজেপির অগ্রযাত্রা থামাতে পারবে না। এডিসিতে বিজেপির জয় নিশ্চিত।” তিনি দলের কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই জনসভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যা বিজেপির প্রতি জনসমর্থনেরই প্রতিফলন বলে দাবি করেন দলীয় নেতারা।