জনতার কলম ওয়েবডেস্ক :- কেরলে সরকার গঠনের লক্ষ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (UDF)। আকাশবাণী তিরুবনন্তপুরমের সংবাদদাতার খবর অনুযায়ী, কংগ্রেস শিবিরে সরকার গঠন নিয়ে আলোচনা চললেও এখনও পর্যন্ত বিধায়ক দলীয় বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
১৪০টি আসনের মধ্যে ১০২টি আসনে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে UDF। দলীয় সূত্রে জানা গেছে, বিধায়ক দলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানানো হবে।
সূত্রের খবর, দিল্লি থেকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রতিনিধিরা পৌঁছানোর পরই বিধায়ক দলীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হতে পারে।
উল্লেখ্য, নবনির্বাচিত বিধায়কদের মধ্যে কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন বর্তমান বিরোধী দলনেতা ভি. ডি. সতীশান, প্রাক্তন বিরোধী দলনেতা ও প্রাক্তন কেপিসিসি সভাপতি রমেশ চেন্নিথলা এবং বর্তমান কেপিসিসি সভাপতি সানি জোসেফ।